শিল্প কারখানায় আর গ্যাস সিলিন্ডার নয়
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:৪০
শিল্প কারখানায় গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অপরদিকে গ্যাস উত্পাদন বৃদ্ধি পাওয়ায় স্বচ্ছ ও সমতার বন্টন নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে একটি নীতিমালা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য পেট্রোবাংলাকে পরামর্শ দেয়া হয়।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ,বি,এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ ও পরামর্শ প্রদান করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে গ্যাসের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয় দেশে গ্যাস উত্পাদন বৃদ্ধি পেয়েছে।
এখনো যেসব শিল্প কারখানা সরাসরি গ্যাস সংযোগ না নিয়ে অবৈধভাবে সিলিন্ডার ব্যবহার করছে তা রোধে এ সমস্ত কারখানার একটি তালিকা তৈরির পরামর্শ দেয়া হয়। তালিকা তৈরির পর সিলিন্ডার ব্যবহারকারী শিল্প কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অডিট আপত্তির উপর আলোচনা করা হয়। কমিটি আগামী জুলাই মাসের মধ্যে মন্ত্রণালয়, অডিট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দৃশ্যমান অডিট নিস্পত্তির অনুশাসন দিয়েছে।
কমিটি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ এড়াতে পেট্রোবাংলায় বর্তমান অবস্থান পরিবর্তন করে প্রতিষ্ঠানটির জন্য অধিকতর নিরাপদ এলাকা চিহ্নিত করা যায় কিনা তা খতিয়ে দেখা এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে। বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের এবং মইন উদ্দীন খান বাদল অংশগ্রহণ করেন। জ্বালানি মন্ত্রণালয় ও বিভাগ, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং এর অধীনস্থ কোম্পানি/প্রতিষ্ঠানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।