ডিসিসি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু
প্রকাশ : ১৪ মে ২০১৩, ২২:৪০
উচ্চ আদালতের রায়ের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সকল বাধা দূর হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন (ইসি) এই দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। ইসি আসন্ন রমজানের আগে দেশের প্রধান এই দুই সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করতে চায়। আগামী ২৫ মে’র মধ্যে তফসিল ঘোষণা করা হলে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের বাধা কেটে যাওয়ায় এই দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের মধ্যে নতুন করে উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সমর্থন পাওয়ার লক্ষ্যে তাদের অনেকেই ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেউ কেউ সরকার দলের প্রভাবশালী নেতাদের কাছে গিয়ে ধরনা দিচ্ছেন। অপরদিকে উচ্চ আদালতের রায়ে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল বাধা দূর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা নগরবাসীর দীর্ঘ দিনের দাবি। বর্তমান সরকারেরও এ দাবি পূরণে আন্তরিকতার কোন অভাব ছিল না। আর সে কারণে নির্বাচন কমিশন নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে। এরপর শুরু হয় এই নির্বাচন বানচালের নানা অপচেষ্টা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু আদালতে সরকার পক্ষের বলিষ্ঠ ভূমিকার কারণে শেষ পর্যন্ত বিষয়টি সম্মানজনক নিস্পত্তি হয়েছে।
দলের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, সংসদসহ সকল স্থানীয় সরকার সংস্থা জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হোক আওয়ামী লীগ তা চায়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, রাজধানীবাসী নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হওয়া জরুরি ছিল। বর্তমান সরকার এই নির্বাচনের ক্ষেত্রে সকল বাধা দূর করতে পেরেছে। এটা নগরবাসীর জন্য অত্যন্ত সুখবর।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, নগরবাসীর বহুল প্রতীক্ষিত ঢাকা সিটি করপোারেশন নির্বাচন হতে এখন আর কোন বাধা নেই। সরকারের দৃঢ় ভূমিকার কারণে এটা সম্ভব হয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম বলেন, দীর্ঘ দিন ধরে নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতির কারণে নগরবাসী তাদের অভাব-অভিযোগের কথা জানাতে পারতেন না। নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করলেও একটি সংগঠন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে নগরবাসীর মধ্যে হতাশার সৃষ্টি হয়। কিন্তু আদালতের রায়ে সে হতাশা কেটে গেছে।