বার কাউন্সিল ভবনে ফাটল

ধসে পড়লে প্রাণহানির আশংকা করলেন ভাইচ চেয়ারম্যান

আইনজীবীদের পেশা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল ভবনে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে ভবনটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় এটি ধসে পড়লে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ আশংকা ব্যক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সম্প্রতি দেয়া এ চিঠিতে বলা হয়েছে, বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার সময় দৈনিক প্রায় এক হাজার পরীক্ষার্থী এই ভবনে অবস্থান করেন। এছাড়া হাইকোর্টের ৩০ জন বিচারপতি পরীক্ষক হিসেবে উক্ত ভবনে অবস্থান করে দুই সপ্তাহব্যাপী মৌখিক পরীক্ষা নেন। চিঠিতে বলা হয়েছে, আইনজীবীদের অসদাচরণের অভিযোগ নিষ্পত্তির জন্য এই ভবনের দ্বিতীয় তলায় ট্রাইব্যুনাল রয়েছে। যার মাধ্যমে আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও শাস্তি প্রদান করা হয়। এছাড়া ভবনের ৩য় ও ৪র্থ তলায় অবস্থিত রেস্ট হাউজে বিভিন্ন জেলা হতে আগত শতাধিক আইনজীবী রাত্রি যাপন করেন। চিঠিতে আরো বলা হয়, ১৯৭৯ সালে স্থপতি মেসার্স সংসদ লিমিটেড কর্তৃক ৩ তলা ভবনের নকশায় দোতলা পর্যন্ত বার কাউন্সিল ভবন নির্মাণ করা হয়। ১৯৯০ সালে ৩য় ও ৪র্থ তলা নির্মাণ করা হয়। ২০০০ সালে ভবনটির ৫ম তলা নির্মিত হয় মেসার্স জেড ইসলাম এন্ড এসোসিয়েটস এর নকশায়। ফাটল দেখা দেয়ায় এই ৫তলা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় জনস্বার্থে রাজউক অথবা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এই ভবনটি পরীক্ষা করে যদি বিপজ্জনক প্রতীয়মান হয় সেক্ষেত্রে ভবনটি ভেঙ্গে একটি বহুতল বার কাউন্সিল ভবন নির্মাণের জন্য একজন আইনজীবী মন্ত্রী হিসেবে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।