বলিউড

রুপালি পর্দায় ফিরছেন প্রীতি

হাসিখুশি চেহারা লাবণ্যে ভরা। গালের টোলটা তার লাবণ্যে যেন আরও এককাঠি ভালোলাগার পরশ বুলিয়ে দেয়। সেই সাথে অভিনয়েও দারুণ পটু এই সুন্দরী। দর্শক আকৃষ্ট করার যথেষ্ঠ গুণ রয়েছে এই প্রতিভাবান শিল্পীর। মেয়েটি আর কেউ নয়, সবার প্রিয় প্রীতি জিনতা। আরও একবার আমাদের সামনে পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন, ‘ইশক ইন প্যারিস’ সিনেমার মধ্যে দিয়ে। লিখেছেন প্রাঞ্জল সেলিম দীর্ঘ চার বছর বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন বলিউডের মিষ্টি মেয়ে প্রীতি জিনতা। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তার অভিনীত ‘ইশক ইন প্যারিস’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটার দিন পেছানো হয়েছিল নানা কারণে। শুটিংয়ের বিলম্বের কারণেই তিনি ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন। ছবির ৮০ ভাগ শুটিং প্যারিস শহরে হয়েছে। তাই আবহাওয়াজনিত কারণে প্রায়শই ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছিল। অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণেই ছবিটি চলতি বছর মুক্তি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে গত সপ্তাহে ছবির শুটিং পুরোপুরি শেষ হয়েছে। বর্তমানে এডিটিংয়ের কাজ চলছে। এ প্রসঙ্গে প্রীতি তার টুইটার বার্তায় লিখেছেন, ‘দুই মাসের মধ্যেই ‘ইশক ইন প্যারিস’ মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদি।’ তবে প্রীতি ভক্তদের জন্য আরও একটি সুখবর হলো, ‘ইশক ইন প্যারিস’ ছাড়াও তাকে আগামী বছর আরও দুটি ছবিতে দেখা যাবে। এগুলো হচ্ছে—‘হারপাল’ ও ‘ভাইজি সুপারহিট’। সাধারণ পরিবারের একজন তরুণীর স্বপ্ন পূরণের পথে নানা সমস্যা ও জটিলতা নিয়ে ছবির পটভূমি গড়ে উঠেছে। প্রীতি অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন। প্রীতির এই ছবিতে তেমন নামিদামি নায়ক তার বিপরীতে অভিনয় করছেন না। বরং রোমান্টিক ঘরানার এ ছবিতে তার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রেহান মালিককে দেখা যাবে। এ ছবির শুটিংয়ের জন্য দীর্ঘদিন প্রীতি প্যারিসে কাটিয়েছেন। তিনি সেখানে মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরও নিজের পেশাদারিত্বের পরিচয় দিতে রীতিমতো অভিনয় চালিয়ে গেছেন। সাধারণ পরিবারের একজন তরুণীর স্বপ্ন পূরণের পথে নানা সমস্যা ও জটিলতা নিয়ে ছবির পটভূমি গড়ে উঠেছে। এ প্রসঙ্গে প্রীতি বলেন, ‘ছবির স্ক্রিপ্ট আমি নিজেই লিখেছি। এ ধরনের চরিত্র আমি আগে কখনোই অভিনয় করিনি। আশা করছি, আমার চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’ ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন পর নিজের সৌন্দর্য ঝালাই করে নিতে পুনরায় শরীরচর্চা শুরু করেছেন। খাদ্যাভ্যাসেও ব্যাপক পরিবর্তন এনেছেন। নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন। তবে তিনি নায়িকাদের জিরো ফিগারের জোয়ারে মোটেও গা ভাসাতে চান না। কারণ তিনি মনে করেন, জিরো ফিগার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ প্রসঙ্গে প্রীতি জানান, তিনি জিরো ফিগার মোটেও পছন্দ করেন না। আকর্ষণীয় স্বাস্থ্যের জন্য তিনি সর্বদা পরিমিত ওজন ধরে রাখতে চান। ১৪ বছরের অভিনয় জীবনে প্রীতি বেশ ক’জন দেশি-বিদেশি খেলোয়াড়ের সঙ্গে প্রেম করলেও শেষ পর্যন্ত কারো সঙ্গেই ঘর বাঁধেননি। যুবরাজের সঙ্গে প্রেম-বিচ্ছেদের পর আর কারও সঙ্গে নতুন করে প্রেমে জড়াননি। ১৯৯৮ সালে প্রীতি জিনতা ‘দিলসে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড অঙ্গনে নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নেন। ক্যারিয়ারের প্রথম ছবিতেই তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। তখনও হয়তো প্রীতি জানতেন না, নিজের প্রথম ছবিতেই তিনি অর্জন করবেন ফিল্মফেয়ার, আইফা, জি সিনেমাসহ একাধিক পুরস্কার। আর এই প্রাপ্তিই প্রীতির দায়িত্ববোধকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ‘ইশক ইন প্যারিস’ সিনেমার শুটিংয়ের পিছনে রয়েছে নানা ধরনের মজার ঘটনা। সেগুলোর মধ্যে একটা হলো, ভাতিজি খোঁজা। প্রীতি জিনতা অভিনীত ও প্রযোজিত নির্মিতব্য ‘ইশক ইন প্যারিস’ সিনেমায় অভিনয় করছেন তার ভাতিজি মায়া। তাও কিনা প্রীতিরই অভিনীত চরিত্রে ছোটবেলার ভূমিকায়। গালে টোল পড়ে এমন এক কম বয়সী মেয়ের জন্য অনলাইনে খোঁজ শুরু করেছিলেন প্রীতি। যে ‘ইশক ইন প্যারিস’ সিনেমায় অভিনয় করবেন তার ছোটবেলার ভূমিকায়। কিন্তু জুনিয়র প্রীতি পেয়ে গেলেন তিনি নিজের পরিবারেই! ভাইয়ের মেয়ে মায়াকে তিনি লস অ্যাঞ্জেলস থেকে শুটিংয়ের জন্য উড়িয়ে নিয়ে গেছেন প্যারিসে। এ বিষয়ে সিনেমাটির পরিচালক প্রেম রাজ বলেছেন, ‘মায়ার বয়স খুবই কম। তাই অভিনয়ের দিকে তিনি খুব একটা মনোযোগ দিতে পারবেন না। এটা বরং একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে তার জন্য। ফুপির সিনেমায় অভিনয় করার জন্য তিনি বেশ আনন্দিত। পেশাগত দিক থেকে বলতে গেলে, তাকে নিয়ে কাজ করা বেশ চমত্কার।’ প্রীতি জিনতা শুধু অভিনয়েই নয়, সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি জাতিসংঘের ইউএনএইডস প্রকল্পে শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। সেই সূত্রেই তিনি সম্প্রতি রাশিয়া সরকার ও জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে মস্কোতেও গিয়েছিলেন। তিনি সেখানে এইডসের মূলোত্পাটনে আয়োজিত আন্তর্জাতিক এক ফোরামে অংশ নিয়েছিলেন। এ সময় এক ভাষণে তিনি এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগব্যাধি যাতে ছড়িয়ে না পড়ে এবং এসব নির্মূলের প্রয়োজনীয়তার ওপর আলোকপাতপূর্বক দীর্ঘ বক্তৃতা প্রদান করেছেন। দীর্ঘ বিরতির পর বলিউডবাসী যখন প্রীতিকে পর্দায় দেখতে উন্মুখ, ঠিক সে সময় প্রীতি নিয়ে আসছেন তার অভিনীত ‘ইশক ইন প্যারিস’। মিষ্টিমেয়ে প্রীতি গত বছর ২৯ অক্টোবরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ১৪ বছরের অভিনয় জীবনে প্রীতির সর্বমোট ৩৮টি ছবি মুক্তি পেয়েছে। ‘কাল হো না হো’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর শুধুই তার সাফল্যের ইতিহাস। এরপর একে একে তিনি ‘বীরা জারা’ (২০০৪), ‘কোই মিল গ্যায়া’ (২০০৪), ‘চোরি চোরি চুপকে চুপকে’ (২০০১), ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘দিল হ্যায় তুমহার’ (২০০২), ‘দিল নে জিসে আপনা কাহা’ (২০০৪), ‘খুল্লাম খুল্লা পেয়ার কারে’ (২০০৫), ‘কাভি আলবিদা না কেহনা’, ‘কৃষ’ (২০০৬), ‘ঝুম বরাবর ঝুম’র (২০০৭) মতো ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন।