রেড সিগন্যাল

অভিনয়ের দু’জনা

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে বর্তমানে প্রচারিত হচ্ছে এক ঘণ্টার মেগা ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই নাটকে তারা স্ব স্ব চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। তাই তো নাটকটি দেখতে দর্শকরা উন্মুখ হয়ে অপেক্ষা করেন। এই দুই অভিনয়শিল্পী ও ধারাবাহিকের আদ্যোপান্ত নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ‘মা, আমি তোমার জন্য অনেক কিছু রেখে যাচ্ছি, অনেক ব্যবসা, অনেক ধন-সম্পত্তি, যা দিয়ে তুমি তোমার মতো একটা জগত্ সাজিয়ে নিতে পারবে। আমার জীবদ্দশায় ছোটখাটো অনেক ইচ্ছাই আমি পূরণ করে গেলাম, কিন্তু প্রধান ইচ্ছাটাই পূরণ করতে পারিনি। আমি লক্ষ্য করেছি, সমাজে যারা প্রকৃত সত্ মানুষ তারা কোনো না কোনোভাবে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত। তারপরও তারা নিজেদেরকে আড়াল করে রাখতেই পছন্দ করে। তুমি যদি অন্তত দশ জন সত্ মানুষকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াতে পারো আমার ভালো লাগবে...’ বাবার লেখা ডায়েরির এই পৃষ্ঠাটি পড়ে সামিয়া আবেগতাড়িত হয়ে পড়ে। মৃত্যুর সময় সামিয়ার সাথে বাবার দেখা হয়নি, সে তখন অস্ট্রেলিয়ায় ছিল। আর এই কারণেই ডায়েরির ওই বিশেষ একটি পৃষ্ঠার, বিশেষ একটি ইচ্ছা পূরণের প্রকাশকেই সামিয়া তার প্রতি বাবার একমাত্র আদেশ হিসেবে গ্রহণ করেছে। দশ জন সত্ মানুষকে খুঁজতে গিয়েই ঘটছে নানান ঘটনা—এ রকম গল্প নিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে বর্তমানে প্রচারিত হচ্ছে এক ঘণ্টার মেগা ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন, ড. ইনামুল হক, মোশাররফ করিম, নিপুণ, মারজুক রাসেল, আখম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, ডা. এজাজ, মুকুল সিরাজ, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, তন্দ্রা প্রমুখ। এই ধারাবাহিকে নিপুণ সামিয়া চরিত্রে অভিনয় করেছেন। এই নাটক প্রসঙ্গে নিপুণ বলেন, ‘এখানে আমি বিদেশফেরত তরুণীর চরিত্রে অভিনয় করছি। বাবার ডায়েরি পড়ার পর তার ইচ্ছা অনুযায়ী সত্ মানুষের খোঁজ করছি। আমার অফিসের কর্মচারীরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মতের মানুষ। তারা স্ব স্ব চরিত্রে রহস্যময় মানুষ। দেখতে তাদের সহজ-সরল মনে হলে তারা সেটা নয়। সেটা আমি বুঝেও না বোঝার ভান করি। আর রাসেল অর্থাত্ মোশাররফ করিম একটি বাউণ্ডুলে ছেলে। শিক্ষিত হলেও সে হোপলেস ও ওয়ার্থলেস। তবু তাকে আমি অনেক পছন্দ করি।’ তিনি আরও বলেন, ‘রেড সিগন্যাল’ আমার প্রথম ধারাবাহিক নাটক। সেজান ভাইয়ের সাথে গত দুই ঈদের দুটি কাজ করে আমার খুবই ভালো লেগেছে। আরও একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই রেড সিগন্যালে অভিনয় করছি।’ এই নাটকে অভিনয় করে কেমন সাড়া পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘এই ধারাবাহিকের অডিয়েন্স রেসপন্স অনেক ভালো। মাঝে আমি কাতার ও দুবাইতে গিয়েছিলাম। সেখানে দর্শকরা আমাকে দেখে বলত, আপা, আমিও কিন্তু সত্ মানুষ। আপনার সত্ মানুষ খোঁজার প্রজেক্টে আমাকে রাখবেন, প্লিজ। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। কেননা তারাও বিদেশে বসে আমার নাটক দেখছে। লন্ডনে আমারে কিছু রিলেটিভ থাকেন। তাদের সাথে ফোনে আমার প্রায়ই কথা হয়। তারা আমাকে জানিয়েছেন সেখানে বসবাসরত বাঙালিরা ‘রেড সিগন্যাল’ নাটকটি নিয়মিত দেখেন। যদিও সেখানে বাংলাভিশন চ্যানেল দেখা যায় না। তাই তারা ইন্টারনেট থেকে এই নাটকটি ডাউনলোড করে দেখেন।’ এই নাটক প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমি ‘লংমার্চ’-এ অভিনয় করেছিলাম। এই নাটকেও অভিনয় করছি। এই দুই নাটকেই অভিনয়ের সূত্রে এটুকু বলতে পারি ‘রেড সিগন্যাল’ ‘লংমার্চ’-এর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ এখানে নিজের চরিত্র সম্পর্কে মোশাররফ বলেন, ‘এখানে আমি রাসেল চরিত্রে অভিনয় করেছি। রাসেল হলো—সমগ্র বাংলাদেশ। অর্থাত্ পুরো দেশ তার। মনেপ্রাণে ও কাজকর্মে সে তাই বিশ্বাস করে। নাটকের রাসেল নারিকেলের মতো। বাইরে থেকে তাকে কঠিন মনে হলেও ভেতরে সে নরম। সব মিলিয়ে নাটকে আমার চরিত্রটি অনেক মজার। এই চরিত্রে খোলা হাওয়া আছে। সেই সাথে এখানে অভিনয়ের জায়গাও আছে। সেই দিক বিবেচনা করে এ চরিত্র অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘এই নাটকের দর্শক সাড়া বেশ ভালোই। দর্শকরা কৌতূহল নিয়ে নাটকটি দেখছে।’ একটি পরিবার, একজন ফেরারী যুবক, আর আশপাশের কিছু মানুষকে ‘রেড সিগন্যাল’ দিতে দিতে এগিয়ে চলছে এই মেগা ধারাবাহিক। ‘এইম ইন লাইফ’, ‘পাটি গণিত’, ‘পুতুল খেলা’ ও ‘লংমার্চ’-এর সাফল্যের পর মাসুদ সেজানের মেগা ধারাবাহিক ‘রেড সিগন্যাল’ ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এই ধারাবাহিক প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘কারণে অকারণে, লোভে কিংবা ঈর্ষায় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু কাজ করে ফেলি, যা করে ফেলার পর, ফেরার আর কোনো উপায় থাকে না। ভুল করছি জেনেও ভুলের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনি, দ্বিতীয় জীবন লাভ করলে নিজেকে সংশোধন করে নেওয়ার আকাঙ্ক্ষা পোষণকারী মানুষের সংখ্যাও কম নয়। এখানে রেড সিগন্যাল মূলত বিবেক। কে কাকে রেড সিগন্যাল দেখাতে পারে যদি সে নিজেকেই না আটকায়।’ তিনি আরও বলেন, ‘আমার অন্যান্য নাটকের মতোই এতে হিউমার থাকবে, স্যাটায়ার থাকবে। সর্বোপরি জীবনবোধের অনুষঙ্গ হিসেবে চারপাশের চেনা মানুষ, চেনা সংকট আর অচেনা সম্ভাবনার এই নাটকটি দর্শকের ভালো লাগবে। সেইসাথে নাটক নিয়ে আমার চেষ্টা থাকে ভিন্নতার ছোঁয়া দেওয়া। আমি চেষ্টা করেছি আমার অন্য নাটকগুলো থেকে এই নাটকে নতুন কিছু করতে। বর্তমানে এই নাটক নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এতে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি মনে করি।’ বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এই মেগা ধারাবাহিক নাটক সম্পর্কে বললেন, ‘লংমার্চ’ সফল হওয়ার পরে সবার একটা চাহিদা ছিল নাটকটি বড় হবে। কিন্তু গল্পের কারণে শেষ করতে হয়েছে। সেই একই আঙ্গিকে নাটক ‘রেড সিগন্যাল’। ইতিমধ্যেই নাটকটি জনপ্রিয় হয়েছে।’ উল্লেখ্য, মেগা ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’ প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হচ্ছে।