এখনও সুইটি
প্রকাশ : ১৫ মে ২০১৩, ১৮:১২
সাবলীল অভিনয় দিয়ে তানভীন সুইটি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অনেক আগেই। অভিনয়ের জায়গা আছে এমন চরিত্রে নিজেকে দেখতে ভালোবাসেন সব সময়। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে সুইটি অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। অভিনয়ের এই গুণী শিল্পীর অভিনয় ভাবনা ও ভবিষ্যত্ স্বপ্ন নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী
অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নিজের একটা দর্শন মেনে পথ চলছেন তিনি। আর তা হলো অনেক বেশি কাজ করার চেয়ে একটু কম কাজ করবেন। সংখ্যার চেয়ে তিনি কাজের মানের দিকে বেশি নজর দেন। এর ফলে কাজ নিয়ে কখনও তার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। তার ভাষ্যে, ‘আমি কখনও এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে, সব সময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে—এই ভাবনা আমাকে কখনও তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেত্রী হিসেবে।’ সময়ের বিবর্তনে কাজ নিয়ে এখন নতুন নতুন ভাবনার ডালপালা প্রসারিত হচ্ছে তার মনে। এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘আমার মনে হয়, এখন আমার কাজ নিয়ে আরও সচেতন হওয়া উচিত। আর আমি এখন তাই করছি। ক্যারিয়ারের এই সময়ে এসে আমি আমার চরিত্রে কোনো রিপিটেশন চাই না। এখন একটি স্ক্রিপ্ট পাওয়ার পর দেখি সেখানে নিজের অভিনয়ের কতটা সুযোগ রয়েছে। এখন আমি আসলে একটু ভিন্ন ভিন্ন চরিত্রই খুঁজি। এই সময়ে এসে গতানুগতিক কাজ করতে কোনো ইচ্ছেই আর করে না। আমার মনে হয়, যারা আমার অভিনয় পছন্দ করেন, তারাও নিশ্চয় চান, আমি নতুন নতুন চরিত্রে তাদের সামনে হাজির হই। আমি যেহেতু দর্শকদের জন্য কাজ করি, নিজের আনন্দ থেকে কাজ করি—তাই দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টাটা এখন থেকে আরও জোরালো হবে।’ অভিনয় জীবনের দীর্ঘ এক যুগে সুইটির প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে অসংখ্য দর্শকপ্রিয় নাটক। বর্তমানে বিভিন্ন চ্যানেলে সুইটি অভিনীত চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এগুলো হলো—রায়হান খানের পরিচালনায় ‘অচেনা প্রতিবিম্ব’, গোলাম মোস্তফা শিমুলের ‘মায়ানিগম’, মেজবাউর রহমান সুমনের ‘স্টেশনে শোনা গল্প’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘তবুও জীবন’। এরমধ্যে ‘তবুও জীবন’ নাটকে সুইটি বড়বোন ইরা চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আজিজুল হাকিম। এই নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, ‘নেয়ামুলের সাথে আমার কখনোই কাজ করা হয়ে উঠেনি। বেশ ভালো লাগছে কাজটি। নাটকের গল্প সত্যিই অন্য রকম। কাজটির প্রতি সত্যিই আমার অনেক ভালোলাগা জন্ম নিয়েছে। আমি চাই দর্শক এই নাটকটি যেন অবশ্যই দেখেন।’ এসব নাটক ছাড়াও তিনি বেশ কয়েকটি এক খণ্ডের নাটকেও অভিনয় করছেন। সুইটি তার অভিনয় জীবনের একযুগ পূর্ণ করেছেন। র্যাম্প মডেলিং, বিজ্ঞাপনের মডেলিং ছাড়াও একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তায় অর্জন করে নিয়েছেন তিনি। এদিকে নাটকে অভিনয়ের পাশাপাশি স্বামী অভিনেতা ও নাট্য প্রযোজক রিপনকে সাথে নিয়ে নিয়মিতভাবে নাটক পরিচালনা ও প্রযোজনাও করে আসছেন। নিজেদের কাজ প্রসঙ্গে সুইটি বলেন, ‘নিজের ভালোলাগা থেকেই এই কাজকে পেশা হিসেবে নেওয়া। আর এর বাইরে অন্য কিছু করব না বলেই এই মাধ্যমেরই একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি।’ ক্যারিয়ারের এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সুইটি তার নতুন অভিযাত্রায় পরিচালক হিসেবে নাম লেখাবেন কি না এমন প্রশ্নের উত্তরে সুইটি বলেন, ‘পরিচালনা তো করেছি টুকটাক। প্রফেশনালি হয়তো শুরু করতে পারি। তবে সেটা নির্ভর করে সময় আর পরিস্থিতির ওপর। আপাতত শুধু অভিনয়টা নিয়েই থাকতে চাই।’ এদিকে সুইটিকে আবু সাইয়ীদ পরিচালিত ‘বাঁশি’ ছবিতে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়নি। সুইটি বলেন, ‘চলচ্চিত্র আমাকে খুব বেশি যে টানে না তা নয়। ভালো গল্পকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছি। তেমন গল্প পেলেই হয়তো আবারও চলচ্চিত্রে অভিনয় করব।’