তবুও জীবন

বেসরকারি চ্যানেল এনটিভিতে সম্প্র্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। গোলাম রাব্বানী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, বাঁধন, তানভীন সুইটি, স্বাগতা, মামুনুর রশীদ, আজিজুল হাকিম, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, জ্যোতিকা জ্যোতি, মিশু সাব্বির, কাজী উজ্জ্বল প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, জামান সাহেবের ছোট ছেলে ইমতিয়াজের গায়ে হলুদ অনুষ্ঠান নিয়ে বাড়ির সবাই আনন্দ করছে। ইমতিয়াজ লাজুক হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রী বকুল আর মেয়ে ইরা ও ছেলে ইমতিয়াজকে নিয়ে জামান সাহেবের সংসার। মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বছর দুয়েক হলো। বিয়ে হলেও বাপের বাড়িতে নিয়মিত যাতায়াত আছে ইরার। ইরার স্বামী ওয়াসিফের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। বর্তমানে বাবার ব্যবসাটা দেখাশোনা করছে ইরা ও ইমতিয়াজ। ছেলের বিয়ে হলো। নতুন বউ এল সংসারে। সবাই খুশি। বউ নিয়ে মুরুব্বিদের নানাজনের নানা মত। ভালোই চলছিল সব। হঠাত্ কোথায় যেন সুরের লয়ে সমস্যা দেখা দেয়। ইমতিয়াজের শোবার ঘরে ইরা আর ইমতিয়াজের একটা বাঁধাই করা ছবি টাঙ্গানো ছিল। কিন্তু ইমতিয়াজের স্ত্রী আলিফা ছবিটা সরিয়ে তাদের বিয়ের একটা ছবি টাঙ্গানোর উদ্যোগ নেয়। এ নিয়ে ইরা বেশ মন খারাপ করে। জামান সাহেবের স্ত্রীও মেয়ের পক্ষ নিয়ে কথা বলেন। বাবার বাড়ি এসে ইরা যে কাজগুলো করছে তা সহজে মেনে নিতে পারে না আলিফা। যদিও সে মুখে কিছু বলে না। শাশুড়ি সব সময় আলিফার কাছে তার মেয়ে ইরার নানা সুনাম বার্তা প্রচার করেন। স্ত্রীর এ আচরণ জামান সাহেবের পছন্দ হয় না। সংসারের ছোট ছোট মান-অভিমানের ঘটনা যেন বেড়ে গেল। আলিফা একদিন রান্না ঘরে গিয়ে হাজির। সেদিনের পর থেকেই জামান সাহেবের স্ত্রীর মনে ভয় ঢুকে যায়। এই বুঝি সংসারের ক্ষমতা হাত ছাড়া হয়ে যাচ্ছে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটক প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’ প্রচারিত হয় প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে।