বেশি কথার মানুষ

বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি’র নতুন বিজ্ঞাপনচিত্র ‘ঘ্যাচাং’। এই বিজ্ঞাপনচিত্রে দিপালী ও আনোয়ার জুটি হয়ে পারফর্ম করেছেন। তাদের সাবলীল পারফর্মেন্সে দর্শকরা মুগ্ধ হয়েছে। এই জুটি নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু মাত্র কয়েক সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্র মানুষের মনকে ছুঁয়ে দিতে পারে। বিজ্ঞাপনচিত্র সুন্দর ও মানসম্পন্ন হলে তা দর্শককে টানে, তাই তারা ওই পণ্যটিকেও গ্রহণ করে সানন্দে। ‘ঘ্যাচাং’ নামের তেমনি একটি নান্দনিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব। রবির এই নতুন বিজ্ঞাপনচিত্রে দিপালী ও আনোয়ার জুটি হয়ে পারফর্ম করেছেন। তাদের সাবলীল পারফর্মেন্সে সবাই মুগ্ধ হয়েছে। সেই সাথে মানসম্পন্ন এই বিজ্ঞাপনচিত্রটি খুব দ্রুত দর্শকপ্রিয়তা পেয়েছে। এই বিজ্ঞাপনচিত্র সম্পর্কে দিপালী বলেন, ‘এতে আমাকে একজন বদরাগী ঝগড়াটে তরুণী হিসেবে দেখা গেলেও বাস্তব জীবনে আমি সে রকম নই। আমি একেবারেই ঝগড়া করতে পারি না। বিজ্ঞাপনচিত্রে আমার ঝগড়া দেখে পরিচিতজনেরা খুবই অবাক হয়েছেন। এই বিজ্ঞাপন করে আমি সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। এ রকম ভালো একটি কাজে নেওয়ার জন্য আমি নির্দেশক আদনান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আর আমার সহশিল্পী আনোয়ার ভাইয়ের সাথে অমিতাভ রেজার নির্দেশনায় রবি’র ‘বাঁশ না হাঁস’ নামের আরেকটি বিজ্ঞাপনচিত্র করেছি। ওই বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে মানুষজন ‘বাঁশ আপু, হাঁস আপু’ বলে ডাকে! এটি আমি বেশ এনজয় করি।’ এবার বলার পালা আনোয়ারের। প্রথমেই তিনি বলেন, ‘এই বিজ্ঞাপন প্রচারের পর থেকে আমার পরিচিতি অনেক বেড়েছে। মজার ব্যাপার হলো—বিজ্ঞাপনটির শুটিং দেখতে একদিন আমার স্ত্রী ও শিশু সন্তান রোদ গিয়েছিল। সেখানে দিপালীর ধমকটা তার খুব পছন্দ। এজন্য বাবার জায়গায় অভিনয় করতে চেয়েছিল ও। আর বিজ্ঞাপনটি প্রচার পর থেকে সে আমাকে শুধু প্রশ্ন করে, বাবা আন্টি তোমাকে বকে কেন? সব মিলিয়ে বিজ্ঞাপনটিতে কাজের অভিজ্ঞতা সত্যিই আনন্দের।’ ছোটবেলায় সংগীতশিল্পী হতে চেয়েছিলেন দিপালী। স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় গান গাওয়ার পর সহপাঠীরা তার মাকে গিয়ে মেয়ের গুণের কথা বলল। মায়ের উত্সাহে ওস্তাদ রামকানাই দাশের কাছে গানের তালিম নিলেন দিপালী। এরপর অনিমেষ চৌধুরী রাজুর কাছে দেড় বছর শাস্ত্রীয় সংগীত শিখেছেন। সিলেট শিল্পকলা একাডেমীতে কয়েকটি অনুষ্ঠানে গেয়েছেনও তিনি। তবে সেই স্বপ্ন থমকে দিল ২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা। এতে শীর্ষ ছয় পর্যন্ত এসেছিলেন দিপালী। প্রচারের অপেক্ষায় আছে ‘সওদাগর বল সাবান’ নামের তার আরেকটি নতুন বিজ্ঞাপনচিত্র। হাসান মোর্শেদের নির্দেশনায় এটি শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। বর্তমানে দিপালী মাছরাঙা টিভিতে ‘বিনোদন সারা দিন’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করছেন। এদিকে আনোয়ার হোসেন চৌধুরী একজন ফ্যাশন ডিজাইনার। এরই মধ্যে তিনি বেশ কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রের কস্টিউম ডিজাইন করেছেন। যার সবগুলো প্রশংসার দাবিদার। থিয়েটারের একনিষ্ঠ কর্মী আনোয়ার অভিনয় করেছেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘নরসুন্দর’-এ। এর আগে বেশ কিছু মানসম্পন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। এগুলো হলো—‘ক্লোজআপ টুথপেস্ট’, ‘অলিম্পিক টিপ বিস্কুট’, ‘ডেকো মেরি বিস্কুট’, ‘ওয়ারিদ’, ‘প্যারাসুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল’, ‘এশিয়ান সিটি’, ‘বিএসআরএম’, ‘রেডকাউ’ প্রভৃতি। প্রচারের অপেক্ষায় আছে ‘পূর্বাচল ইস্টউড সিটি’ ও ‘আরএফএল বল’-এর বিজ্ঞাপনচিত্র।