খোঁজখবর

বিরতির পর ইচ্ছে করলেই নাটকে কিংবা টেলিফিল্মে অভিনয়ে এ্যানি নিয়মিত হতে পারতেন। কিন্তু প্রতিশ্রুতি রাখতে গিয়েই তিনি কম অভিনয় করছেন। এ্যানি তার অভিনীত চলচ্চিত্র নাবিল আশরাফ পরিচালিত ‘রঙধনু’ ছবিটি মুক্তি পাওয়ার পূর্ব পর্যন্ত নাটক টেলিফিল্মে তেমন নিয়মিত হবেন না বলেই মৌখিক কথা দিয়েছেন পরিচালককে। এ কারণেই শুধু উপস্থাপনা আর মডেলিং ছাড়া এ্যানিকে ছোটপর্দার দর্শকরা নাটকে নিয়মিত পান না। প্রায় বছর খানেক আগে সৈয়দ জামিমের নির্দেশনায় ‘বিভ্রান্তি’ নাটকে এ্যানিকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। আবারও বিরতি শেষে এ্যানি একটি টেলিফিল্মে অভিনয় করলেন। এর নাম ‘এক্সস্কয়ার’। টেলিফিল্মে এ্যানি এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা নাঈমের বিপরীতে অভিনয় করেছেন। নাবিল আশরাফ পরিচালিত ‘রঙধনু’ ছবিতে জুটি হিসেবে দেখা যাবে নাঈম ও এ্যানিকে। আবারও অভিনয় প্রসঙ্গে এ্যানি বলেন, ‘এক্সস্কয়ার টেলিফিল্মটির গল্প সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে। বেশ সময় নিয়ে নাটকটিতে কাজ করেছি। আশাকরি দর্শকের অনেক ভালো লাগবে।’ এবার চলচ্চিত্রে লাক্স তারকা আমব্রিন প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটির নাম ‘ফিল মাই লাভ’। ছবিটি পরিচালনা করছেন বিপ্ল¬ব হায়দার। সম্প্রতি ঢাকার উত্তরার একটি শুটিং হাউসে আমব্রিন ছবিটির কাজ শুরু করেছেন। এই ছবিতে আমব্রিন একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করছেন। এর আগে একই চরিত্রে প্রসূনের অভিনয় করার কথা থাকলেও সিডিউলজনিত সমস্যার কারণে তিনি ছবিটিতে শেষ পর্যন্ত কাজ করতে পারছেন না। তাই পরিচালক তাকে বাদ দিয়ে আমব্রিনকে নিয়েই কাজ শুরু করেছেন। আমব্রিন এই ছবিতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘স্বপ্ন ছিল চলচ্চিত্রে কাজ করার। ‘ফিল মাই লাভ’ ছবিটির গল্পে আমার স্বল্প উপস্থিতি হলেও মূলত আমিই ছবির টার্নিং পয়েন্ট। পরিচালক বিপ্ল¬ব ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই ছবিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আম চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য।’ পাঁচ বছর পর খুব বেছে বেছে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা শাহেদ শরীফ খান। প্রথম তিনি অভিনয় করেন জি সরকার পরিচালিত ‘প্রিয় সাথি’ ছবিতে। এরপর তিনি ‘হূদয় শুধু তোমার জন্য’ এবং ‘জয়যাত্রা’ ছবিতে অভিনয় করেন। সর্বশেষ শাহেদ দেবাশীষ বিশ্বাস পরিচালিত টেলিছবি ‘টক ঝাল মিষ্টি’-তে অভিনয় করেন। এই টেলিছবিটি ২০০৭ সালের ঈদে মুক্তি পায়। এরপর আর নতুন কোন ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর শাহেদ নতুন আরেকটি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। ছবিটি নির্মাণ করছেন সাইফ চন্দন। এই ছবিতে রুদ্র চরিত্রে অভিনয় করছেন শাহেদ। রুদ্র ভালোবাসে টুনিকে। অন্যদিকে টুনি ভালোবাসে রাহুলকে। এই নিয়েই আরজুর সাথে শাহেদের দ্বন্দ্ব দেখা দেয়। মূলত শাহেদ এই ছবিতে এন্টি হিরো চরিত্রে অভিনয় করছেন। ভিন্ন চরিত্রে ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা নাঈম এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। আশফাকুর রহমান অভির রচনা ও পরিচালনায় ‘তুমি আমার বন্ধু হবে’ নামের নাটকে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে। এই নাটকে নাঈমের বিপরীতে অভিনয় করছেন সোহানা সাবা। নাটকের গল্পে দেখা যাবে, এক পর্যায়ে রাজীব অঝরে কেঁদে কেঁদে বলতে থাকে আমি তোমার বন্ধু হতে চাই। জয়া আসে, পাশে দাঁড়িয়ে থাকে, একসময় জয়া ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যায়, রাজীব একাই দাঁড়িয়ে থাকে। গল্পের শেষ এখানেই। নাটক প্রসঙ্গে নাঈম বলেন, ‘সাবা আপুর সাথে এটিই আমার প্রথম কাজ। তিনি অনেক গুণী একজন অভিনেত্রী। কাজটি অনেক ভালো হচ্ছে।’ আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হচ্ছে। বিব্রত ববিতা বিগত বেশ কয়েকদিন যাবত ভীষণরকম বিব্রতকর সময় পার করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সময় পার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ববিতা। যে কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষার জন্য তিনি ইন্টারনেট প্রযুক্তির সাথেও নিজেকে বেশ মানিয়েও নিয়েছেন। নিয়মিত ইমেইল চেকিং, স্কাইপির মাধ্যমে একমাত্র ছেলে অনিকের সাথে কথা বলাসহ আনুষঙ্গিক অন্যান্য কাজও করেন তিনি। তবে এই সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তিনি কখনও ব্যবহার করেন না। কারণ হিসেবে ববিতা সময়ের অপ্রতুলতাকেই তুলে ধরেছেন। কিন্তু এই নিয়েই তিনি বিগত বেশ কয়েক মাস যাবত বিব্রতকর অবস্থার মধ্যদিয়ে সময় পার করছেন। ববিতার বিভিন্ন তথ্যাবলিসহ তারই আসল নাম ‘ফরিদা আক্তার ববিতা’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে তা নিয়মিতভাবে ব্যবহার করছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের ব্যক্তিদের নিয়ে বিভিন্ন রকম আজে বাজে স্ট্যাটাসও দিচ্ছেন। যা ববিতার ব্যক্তিগত জীবনে বিভ্রান্তির সৃষ্টি করছে। ববিতা বলেন, ‘যারা এই ধরনের কাজ করেন তারা অত্যন্ত ছোট মানসিতার। তাদের প্রতি আমি ভীষণ নিন্দা জানাই।’