শেয়ারবাজারে মূল্য সংশোধন

শেয়ারবাজারে টানা পাঁচ দিন সূচক বাড়ার পর গতকাল কিছুটা মূল্য সংশোধন হয়েছে। উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। তবে লেনদেন কমলেও গতকাল বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে চারশ’ কোটি টাকার উপরে। দীর্ঘদিন পর ডিএসইতে লেনদেন হচ্ছে চারশ’ কোটি টাকার উপরে। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। দরপতন সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন এক টানা দর বাড়ার পর আজ (গতকাল) যে দরপতন হয়েছে এটি স্বাভাবিক দরপতন। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই এমনটি হয়েছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দর সংশোধন প্রবণতার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ও কিছু কোম্পানির আর্থিক প্রতিবেদনকেও দায়ী করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, কিছু কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরিস্থিতি খারাপ হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। গতকাল দরপতনের ক্ষেত্রে এগিয়ে ছিল ইঞ্জিনিয়ারিং খাত। এ খাতের কোম্পানির শেয়ারের দর কমেছে প্রায় ২ দশমিক ৭৫ শতাংশ। এরপরই রয়েছে ফার্মাসিউটিক্যালস খাত। এছাড়া ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও ছিল দরপতনের দিক থেকে এগিয়ে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচকও কমেছে ৫৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। আর লেনদেন হয়েছে ৪০৯ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির। এদিকে গতকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করেছে। এছাড়া ১৫টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।