বাংলাদেশ সম্ভাবনাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না

বাংলাদেশ তার সম্ভাবনাগুলোকে সঠিক ভাবে উপলব্ধি করতে পারছে না। এদেশে রয়েছে বিপুল বিনিয়োগ সম্ভাবনা। অন্যদিকে এশিয়ার অন্য দেশগুলোর মজুুরি বৃদ্ধি পাওয়ায় এদেশে সৃষ্টি হয়েছে বড় আকারের কর্মসংস্থানের সম্ভাবনা। গতকাল রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় এডিবি’র আবাসিক প্রতিনিধি তেরেসা খো একথা বলেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফিকি’র প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ। তেরেসা খো এতে প্রধান বক্তা ছিলেন। তিনি বলেন, সামপ্রতিক সময়কালে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। কিন্তু মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের আরো গতির প্রয়োজন। বাংলাদেশের বিনিয়োগ বাড়লেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভিয়েতনামের বাণিজ্যের আকার বেড়েছে প্রায় ৬০ শতাংশ এবং এ সময়কালে মাথাপিছু আয় বেড়েছে ২২০ শতাংশ। কিন্তু একই সময়কালে বাংলাদেশের বাণিজ্যের হার বেড়েছে মাত্র ২৩ শতাংশ এবং মাথাপিছু আয় বেড়েছে ১১০ শতাংশ। এর পরেও ২০০৫ সাল থেকে ২০১০ সাল নাগাদ বাংলাদেশের দারিদ্র্যের হার ৪০ থেকে ৩১ দশমকি ৫ শতাংশে নামিয়ে এনেছে, গড়ে প্রতিবছর প্রায় ৬ শতাংশের উপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। এদেশে রয়েছে অপার সম্ভাবনা। বিশেষ করে বিশাল আকারের শ্রমশক্তি ও তৈরি পোশাক রফতানিতে সাফল্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ তার সম্ভাবনাগুলোকে সঠিক ভাবে উপলব্ধি করতে পারছে না। এ ধরনের সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ২০০০ সালের পর থেকে দক্ষিণ এশিয়ার উন্নতি হয়েছে। তার পরেও বিশ্ব বাণিজ্যে এ অঞ্চলের অংশগ্রহণ মাত্র ২ শতাংশ। বিশ্বব্যাপী বৈদেশিক বিনিয়োগের মাত্র ১ দশমকি ৭ শতাংশ দক্ষিণ এশিয়ায় এসেছে। বিশ্ববাজারে দক্ষিণ এশীয় পণ্য রফতানিতে প্রক্রিয়াগত সমস্যাকে প্রধান উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের রফতানিতে দালিলিক ব্যবস্থাপনায় অর্ধেকের বেশি অর্থ ব্যয় হয়ে যায়। বাংলাদেশর প্রবৃদ্ধি আরো বাড়াতে বড় আকারের বিনিয়োগ এবং বিনিয়োগের জন্য পর্যাপ্ত অবকাঠামো নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। তেরেসা খো জানান, এডিবি বাংলাদেশে জ্বালানি, যোগাযোগ, নগর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সহায়তা দিয়ে আসছে। ১৯৭৩ সাল থেকে এডিবি ১৪ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।