নওয়াজের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মনমোহন

পাকিস্তান মুসলিম লীগ (এন) প্রধান নওয়াজ শরিফের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। নওয়াজ শরিফের পক্ষ থেকে আমন্ত্রণের পর মনমোহন সিং অনুষ্ঠানে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।—খবর বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের। ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাউ’ জানায়, মনমোহন তার সরকারি কাজকর্মে ব্যস্ত থাকার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। পাকিস্তানে গত ১১ মে’র নির্বাচনে নওয়াজের মুসলিম লীগ সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে এবং দলটি জোট সরকার গঠন নিয়ে আলোচনা চালাচ্ছে। পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফই হবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। রবিবার ভোটের বেসরকারি ফল প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নওয়াজকে অভিনন্দন জানিয়ে সুবিধামতো সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। এরপর নওয়াজ শরিফ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মনমোহন সিংকে আমন্ত্রণ জানান। নওয়াজ শরিফ ক্ষমতায় ফেরায় দু’দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই আশা করছে ভারত।