রাশিয়ায় সিআইএ এজেন্ট আটক ও বহিষ্কার

রাশিয়ায় মার্কিন দূতাবাসে কর্মরত এক সিআইএ এজেন্টকে বহিষ্কার করেছে মস্কো। রায়ান ফোগল নামের ওই সিআইএ এজেন্টকে সোমবার রাতে আটক করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার অনলাইনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, ফোগলকে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ ঘটনা দু’দেশের পারস্পরিক সম্পর্কে কোন প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে কাজ করার জন্য নিয়োগ দেয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন রায়ান ফোগল। রায়ান কূটনীতিকের ছদ্মাবরণে মস্কোর মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং একই সঙ্গে সিআইএর এজেন্ট হিসাবেও কাজ করছিলেন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস(এফএসবি) মঙ্গলবার জানায়, ফোগলকে হাতেনাতে ধরার কিছুক্ষণ পর কূটনৈতিক দায়মুক্তির কারণে তাকে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। তাকে আটকের ব্যাপারে এফএসবি বলেছে, ১৩-১৪ মে রাতে সিআইএর স্টাফ কর্মচারী রায়ান ফোগলকে গ্রেপ্তার করে এফএসবির গুপ্তচরবৃত্তি-বিরোধী অভিযানের কর্মকর্তারা। এদিকে, রাশিয়া তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং বহিষ্কারাদেশ দিয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। একই সঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলকেও। এফএসবির মুখপাত্র বলেন, রায়ান দূতাবাসের তৃতীয় প্রধান রাজনৈতিক সচিব। তিনি সেখানে মাার্কিন গোয়েন্দা সংস্থার হয়ে গোপনে কাজ করছিলেন। তাকে বড় অঙ্কের অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তার কাছে বিশেষ প্রযুক্তিগত কিছু যন্ত্রপাতি এবং ওই রুশ গোয়েন্দার জন্য কিছু নির্দেশনা, এমনকি চেহারা বদল করার কিছু জিনিসও পাওয়া গেছে। এ ঘটনার ব্যাপারে মস্কোর মার্কিন দূতাবাস তাত্ক্ষণিক কোন মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত করার স্পর্শকাতর সময়ে সিআইএ এজেন্ট আটকের এ ঘটনা ঘটল। গতমাসে যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড়ে বোমা হামলার পর দু’দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিল। তাছাড়া, সিরিয়া সঙ্কটের সমাধান খুঁজতে উভয় দেশই একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনাও গত সপ্তাহে জানিয়েছিল।