নাইজেরিয়ার তিন প্রদেশে জরুরি অবস্থা জারি
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২০:৪১
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিন প্রদেশে জরুরী অবস্থা জারি করেছেন। ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলার প্রতিক্রিয়ায় এই জরুরী অবস্থা জারির ঘোষণা এলো। টেলিভিশনে এ ঘোষণা দেবার সময় প্রেসিডেন্ট বলেন, এসব হামলার কারণে নাইজেরিয়ায় বিদ্রোহ দেখা দিয়েছে, যা জাতীয় ঐক্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। নাইজেরিয়ার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বোর্নো, ইয়োব এবং অ্যাডামাওয়া প্রদেশে জরুরী অবস্থা জারির ঘোষণা দেন মি. জোনাথন। তিনি বলেন, চিফ অব ডিফেন্স স্টাফকে অচিরেই ওইসব এলাকায় আরও সৈন্য মোতায়েন করার নির্দেশ দেয়া হয়েছে যাতে আরও কার্যকরভাবে অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানের জন্য অভিযান চালানো যায়। সংশ্লিষ্ট সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে, বলছিলেন মি. জোনাথন। মূলত গত সপ্তায় চাষি ও রাখালদের মধ্যে জমির দখল নিয়ে এক সংঘর্ষ বাধে। পরে তা তিনটি প্রদেশেই সর্বাত্মক সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ গতকাল বেনু প্রদেশে তেরটি গ্রাম জালিয়ে দেয়া হয়, মারা যায় অন্তত ৫৩ জন। ২০১০ সাল থেকে এ ধরনের সংঘর্ষে দেশটিতে ২০০০-এর বেশি মানুষ মারা গেছে। এসব সহিংসতার জন্য বোকো হারাম নামে একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। গুডলাক জোনাথন তার ভাষণে বলেন, এসব সহিংসতার জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে।