শরীয়তপুরে সমবায় সমিতির নামে চলছে অবৈধ ব্যাংকিং
অনল কুমার দে, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২০:৪৪
সমবায় সমিতির নিবন্ধন নিয়ে শরীয়তপুরে ১২০টি প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। তারা গ্রাহকদের কাছ থেকে ডিপিএস আমানত, এককালিন আমানত, মাসিক মুনাফা আমানতসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আমানত সংগ্রহ করছে। সমিতিগুলো যথাযথ অনুমোদন ছাড়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমও পরিচালনা করছে। সমবায় সমিতির বিধিমালা ২০০৪ এর ৬৪, ৬৫ ও ৬৬ বিধি অনুযায়ী কোন সমবায় সমিতি বার্ষিক সাধারণ সভার অনুমোদন ছাড়া সদস্যদের নিকট হতে আমানত ও ঋণ গ্রহণ করতে পারে না। শরীয়তপুরে কোন সমবায় সমিতি বার্ষিক সাধারণ সভা করে না। তাছাড়া সদস্য নয় এমন ব্যক্তিদের কাছ থেকে আমানত সংগ্রহ না করার নিষেধাজ্ঞাও রয়েছে সমবায় অধিদপ্তরের।
অনুসন্ধানে জানা গেছে, ম্যাক্সিমাম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমিতি ২০১১ সালে শরীয়তপুর সদরে কার্যক্রম শুরু করে। তারা অবৈধভাবে ব্যাংকের আদলে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন মেয়াদী আমানত সংগ্রহ করছে। ১২০ জন গ্রাহকের কাছ থেকে মাসে প্রতি লাখে ২ হাজার টাকা মুনাফা দেয়ার শর্তে চার কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। প্রতি মাসে মুনাফা বাবদ গ্রাহকদের ৯ লাখ থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়। সমিতিটি গ্রাহকের টাকা দিয়ে শরীয়তপুর শহরে একটি ফার্নিচারের দোকান ও একটি পোশাক বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে ও ২৭ লাখ টাকা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বিনিয়োগ করেছে। এ ৩টি খাত হতে মাসে তাদের ৯ থেকে ১০ লাখ টাকা মুনাফা করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসেই সমিতিটির মূলধন ঘাটতি হচ্ছে। এক সময় আমানতের টাকা ফেরত না দিয়েই তারা আত্মগোপন করতে পারে এমন আশংকা গ্রাহকদের। শুধু ম্যাক্সিমাম মাল্টিপারপাস কো-অপারেটিভ নয়। এমন অবস্থা শরীয়তপুরে ১২০টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ও বহুমুখী সমবায় সমিতির। শরীয়তপুরে ১৫ হাজার গ্রাহকের প্রায় ৫০০ কোটি টাকা আমানত জমা রয়েছে সমিতিগুলোর কাছে।
অনুসন্ধানে আরো জানা যায়, সমবায় সমিতিগুলো গ্রাহকের আমানতের টাকা দিয়ে জমি ক্রয় করে। জমির নিবন্ধন করা হয় সমিতির কর্মকর্তাদের নামে। যা সমবায় আইনে নিষিদ্ধ। সমবায় সমিতিগুলোর মূলধনের ২৫ শতাংশ টাকা তফসিলভুক্ত ব্যাংকে সমিতির নিবন্ধক ও সভাপতির যৌথ হিসাবে জমা রাখার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে কোন সমিতি ব্যাংকে টাকা জমা রাখে না। ম্যাক্সিমাম বহুমুখী সমবায় সমিতির পরিচালক আব্দুস সালাম হাওলাদার বলেন, সমিতিটি ভালভাবে চলছে। গ্রাহকদের আমানতের বিপরীতে প্রতি মাসে ৯ লাখ হতে ১০ লাখ টাকা মুনাফা প্রদান করা হয়। অনেক গ্রাহক তাদের টাকা ফেরত চেয়ে আবেদন করেছে। অনেককে টাকা ফেরতও দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। জেলা সমবায় কর্মকর্তা আ. আউয়াল বলেন, সমবায় আইন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে সমিতিগুলো আমানত সংগ্রহ করতে পারে না। ম্যাক্সিমামসহ সমিতিগুলোকে চিঠি দিয়ে অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য বলা হয়েছে। বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।