ওভারব্রিজের রক্ষণাবেক্ষণ একটি প্রস্তাব

শহরাঞ্চলে ব্যস্ত রাস্তা পারাপারে নিরাপদ পন্থা হলো ওভারব্রিজ ব্যবহার। মহানগরী ঢাকায় বেশ কিছু ওভারব্রিজ রয়েছে। এগুলোর মধ্যে ফার্মগেইট, নিউমার্কেট, উত্তরাতে একাধিক ওভারব্রিজ পথচারী পারাপারে ভূমিকা রাখছে। কিন্তু অধিকাংশ ওভারব্রিজের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ। নোংরা পরিবেশ, একশ্রেণির বখাটে ভবঘুরে নারী-পুরুষের উত্পাত, ওভারব্রিজের সিঁড়ি, রেলিং ভাঙাচোরা, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের ব্যানার-পোস্টার, সাইনবোর্ড এসব কারণে পথচারীদের (বিশেষ করে মহিলাদের) ইচ্ছে থাকলেও ওভারব্রিজ ব্যবহার করেন না। অথচ নিরাপদে পথ পারাপারের জন্য লাখ লাখ টাকার একেকটি ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। উপর্যুক্ত বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (সিটি কর্পোরেশন)-এর কাছে একটি প্রস্তাব উপস্থাপন করছি: প্রতিটি ওভারব্রিজের আশেপাশে বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর রয়েছে। যে এলাকায় ওভারব্রিজ সেই এলাকার (অথবা অন্য কোনো এলাকার) কোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওভারব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা যায়। এর জন্যে আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের চুক্তি সম্পাদিত হবে। রক্ষণাবেক্ষণের জন্য ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান মাসিক বা বাত্সরিক ভিত্তিতে আর্থিক সুবিধা লাভ করবে। এর ফলে ওভারব্রিজ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ব্যবহার উপযোগী থাকবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখিত প্রস্তাবটি ভেবে দেখবেন। —জনৈক নাগরিক।