রাঙ্গুনিয়ার পাহাড়ে ঝুকিপূর্ণ বসতি প্রশাসনের সতর্কীকরণ অভিযান
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক পাহাড় উজার হচ্ছে ব্যাপকহারে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আশংকাজনকভাবে। পাহাড়ে কয়েক হাজার পরিবারের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এব্যাপারে উপজেলা প্রশাসনে দেখা দিয়েছে উদ্বেগ আর উত্কণ্ঠা। শুরু করা হয়েছে সতর্কীকরণ অভিযান। থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গত সোমবার উপজেলার সরফভাটা, পোমরা, পারুয়া এবং পৌর এলাকায় বেশ কিছুসংখ্যক পাহাড় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব পাহাড় এবং পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে প্রতিনিধিত্বকারী প্রকল্প বাস্তবায়ন অফিসার দেবেশচন্দ্র দাশ বলেন, পাহাড়ে এবং পাদদেশ শত শত পরিবার বসবাস করছে। ব্যাপকভাবে মাটি কাটার কারণে এসব পাহাড় বৃষ্টির পানিতে ক্ষয়ে যাচ্ছে। ফাটল সৃষ্টি হয়ে ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে অনেক স্থানে।
বন বিভাগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া পৌরসভা সদর ইছাখালিতে ৩টি, গুচ্ছগ্রামে ২টি, জাকিরাবাদ এলাকায় ২টি পাহাড় কাটা হয়েছে। চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রামে ৮টি, উত্তর রাজানগরে ১১টি, দক্ষিণ রাজানগরে ৭টি, ইসলামপুরে ২০টি, লালানগরে ১০টি, হোচনাবাদে ৮টি, পারুয়ায় ৭টি, পোমরায় ১১টি, বেতাগিতে ৯টি, সরফভাটায় ৬টি, কোদালায় ৭টি, পদুয়ায় ৯টি ও শিলক ইউনিয়নে ৭টি পাহাড় কাটা শনাক্ত করা হয়েছে। এসব স্থানে পাহাড় কাটা অব্যাহত রয়েছে। রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, ইছাখালি এলাকায় কাটা পাহাড় ধসে বৃষ্টির সাথে মাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নেমে এসেছে। ফলে যান চলাচল বিপদজ্জনক হয়ে উঠেছে। ভরাট হয়ে যাচ্ছে ফসলি জমিও।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে কয়েকজন শ্রমিক ও উপকরণ আটক করে থানায় হস্তান্তর করা হয়।