সৈয়দপুরের বাজারে এসেছে কেমিক্যালে পাকানো আম
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১৬
মৌসুমের আম এখনো পুরোপুরি পাকাতে শুরু না করলেও নীলফামারীর সৈয়দপুরের বাজার ‘পাকা’ আমে সয়লাব হয়ে গেছে। আনুপাতিকহারে এ আমের দামও কম। ফলে বিক্রিও হচ্ছে দেদারসে। জানা গেছে, এ আমের সবই কেমিক্যাল দিয়ে পাকানো। এদিকে হাইকোর্ট এক নির্দেশনায় বাজারে কেমিক্যাল মেশানো ফল বিক্রি হচ্ছে কি না— তা পর্যবেক্ষণের জন্য সরকারকে বললেও এখন পর্যন্ত সৈয়দপুরে সে নির্দেশনা কার্যকর হয়নি। বৈশাখ মাসের শেষ থেকেই সৈয়দপুরের বাজারে পাকা আম উঠতে শুরু করেছে। অথচ ফল ব্যবসায়ীদের মতে- প্রকৃত পাকা আম আরও ১০/১৫ দিন পরে পাওয়া যাবে। সৈয়দপুরে প্রতিটি ফলের দোকান তো বটেই রাস্তাঘাটে ফেরি করে পাকা আম বিক্রি করা হচ্ছে। প্রকারভেদে ৬০-৮০ টাকা পর্যন্ত কেজি দরে আম পাওয়া যাচ্ছে। প্রতিদিন কমবেশি ১ হাজার মণ ‘পাকা’ আম নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কানসাট, রংপুরের দিলালপুর, দিনাজপুরের বিভিন্ন অঞ্চল বা মোকাম থেকে ট্রাক বোঝাই করে সৈয়দপুরে আসছে। প্রকৃতপক্ষে তাড়াহুড়ো করে আম বাজারজাতকরণের জন্যই অপরিপক্ব আম পেড়ে তা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আম ‘পাকানো’র জন্য এখন সর্বত্র কেমিক্যাল পাওয়া যাচ্ছে। প্রভিট, ইডেন, ইথরেল প্রভৃতি কেমিক্যাল ব্যবহারে সব আমই হলুদ রং ধরে যায়। স্থানীয় ফল আড়তদার মালিকদের সূত্র জানায়, এখানে কোন আম পাকানো হয় না। তবে আম উত্পাদনকারী অঞ্চল থেকেই কৃত্রিমভাবে আম পাকিয়ে তা সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। চিকিত্সকরা জানান, এখন বাজারে যে আম পাওয়া যাচ্ছে তা খেলে পেটের পীড়াসহ লিভারের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ক্যান্সারের মতো জীবনঘাতী রোগ হওয়াও অসম্ভব নয়।