বেনাপোলে খোলা মাঠে এসিডের ড্রাম বিপর্যস্ত পরিবেশ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১৭
দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পর্যাপ্ত ওপেন ইয়ার্ড ও আমদানিকৃত এসিড রাখার নির্দিষ্ট কোন জায়গা নেই। ফলে দীর্ঘদিন ধরে বন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাক টার্মিনালের খোলা মাঠে রাখা হচ্ছে এসিড ও লৌহজাত পণ্য। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা, অপরদিকে এ টার্মিনাল সংলগ্ন বসবাসকারী বড় আঁচড়া গ্রামের কয়েকশ’ পরিবার পড়েছে বিপাকে। দুর্বিষহ জীবনযাপন করছে তারা। যেন বন্দি জীবনের যন্ত্রণা। বন্দরের দু’পাশে প্রাচীর দেয়ায় আটকা পড়া এসব গ্রামবাসী সন্ধ্যার পর আর ঘরের বাইরে যেতে পারে না। টার্মিনালের প্রাচীরের কোলঘেষাঁ এ গ্রামটির মানুষ আজ অসহায়। ভারতীয় ট্রাক টার্মিনালে শুধুমাত্র ট্রাক রাখার কথা থাকলেও বন্দর কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে এখানে খোলামাঠে এসিড রাখায় এর তেজস্ক্রিয়ায় এলাকাবাসী নানা রোগে আক্রান্ত। নষ্ট হয়ে যাচ্ছে বাসাবাড়ির যাবতীয় নির্মাণ সামগ্রী । এসব এলাকায় কোন ফলদ গাছে ফল হচ্ছে না, মারা যাচ্ছে গৃহপালিত পশুপাখি। টার্মিনালের পশ্চিম পাশে বসবাসকারী ব্যবসায়ী বদরুল আলম দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৭/৮ বছর ধরে সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ অবহিত করা সত্ত্বেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।