নরসিংদীর গ্রামে সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ১০
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১৮
গতকাল বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে দুটি বিবদমান দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। এ সময় ২০/২৫টি ঘর লুটপাট করে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত টেঁটাবিদ্ধ মকবুল মিয়াকে (৫০) নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করেছে। তারা হলো- মতিন মিয়া ও হামিদ মিয়া। জানা গেছে, নেকজানপুর গ্রামের বাসিন্দা আলোকবালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামি কাইয়ুম বাহিনীর প্রধান আকরামুল ইসলাম সমীরের নেতৃত্বে প্রায় দুইশ’ লোক টেঁটা, বল্লম, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষ নিহত রাজ্জাক চেয়ারম্যানের ছেলে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সমর্থকদের উপর ভোর ৪টায় চারদিক ঘেরাও করে হামলা চালায় । নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলাকারীরা বিএনপি সমর্থক এবং আক্রান্তরা আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।