খাদ্য সংগ্রহ অভিযানে অনিয়ম কমিটিতে দলের প্রাধান্য বেশি
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২০
দেশের বিভিন্ন স্থানে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় লোকজনকে খাদ্য সংগ্রহ কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুষ্টিয়ায় নানা দুর্নীতি-অনিয়ম
কুষ্টিয়া :কুষ্টিয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কমিটিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্তির কারণে নানা দুর্নীতি-অনিয়ম হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছরই সরকারের ধান সংগ্রহ অভিযান শুরুর আগে কুষ্টিয়ার খাজানগরের বৃহত্তম চালের মোকামের ব্যবসায়ীরা সাধারণ কৃষকের কাছ থেকে ধান কিনে রাখে। এরপর সংগ্রহ অভিযানের সময় কৃষকের ঘরে বিক্রিযোগ্য ধান না থাকায় মজুতকারীরা ওই সুযোগ গ্রহণ করে থাকে। অপরদিকে ধান-চাল সংগ্রহ কমিটিতে ক্ষমতাসীন দলের লোক অন্তর্ভুক্ত থাকায় মিলারদের সাথে তাদের অলিখিত আর্থিক লেনদেন চুক্তি হয় বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে চলতি বোরো সংগ্রহ অভিযানে এখনো কমিটির কার্যক্রম শুরু হয়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুজা আলম জানান, খাদ্য সংগ্রহ কমিটির নীতিমালা মেনেই কমিটি গঠন করা হয়।
নীলফামারীতে সংগ্রহ অভিযান শুরু হয়নি
সৈয়দপুর (নীলফামারী) :নীলফামারীতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের উদাসীনতায় গম সংগ্রহ অভিযান শুরু হয়নি। ফলে গম চাষিরা গম ব্যবসায়ীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা জানান, জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠানের জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবার নীলফামারীতে ২৫ টাকা কেজি দরে ১ হাজার ৪শ’ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সংগ্রহ অভিযান এখনো শুরু হয়নি।
শেরপুরের কমিটিতে এমপির ভাই
শেরপুর (বগুড়া) :শেরপুর উপজেলা খাদ্য সংগ্রহ কমিটিতে সম্মানী ব্যক্তির কোটায় দলীয় লোকদের প্রাধান্য দেয়া হয়েছে। সম্মানিত ব্যক্তির কোটায় সদস্য হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া এবং স্থানীয় সংসদ সদস্যের ভাই এড. তোজাম্মেল হক। তবে শুধু বর্তমান সরকারের সময়েই নয়, শিক্ষক ও ইমামের কোটায় সব সময় সরকারি দলের নেতাকর্মীদের প্রাধান্য দেয়া হয়।
রায়গঞ্জের স্বচ্ছতা নিয়ে কাজ করার দাবি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ):অপেক্ষাকৃত স্বচ্ছতা নিয়ে খাদ্য সংগ্রহ কমিটি কাজ করছে বলে দাবি করছেন এই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল হক মিয়া। তবে আগের কমিটির কার্যক্রমের বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, সর্বশেষ ২০১০ সালের জুন মাসের পর থেকে বিভাগীয় নির্দেশ মোতাবেক ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তি হিসাবে কমিটিতে রয়েছেন স্থানীয় লায়লা মিজান স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুর রহিম শেখ ও উপজেলার ষোল মাইল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন। কমিটির সদস্য আব্দুর রহিম শেখ বলেন, ধান-চাল সংগ্রহের সময় মিটিং হয়, বিএসদের দিয়ে কৃষকদের তালিকা তৈরি করা হয়। তিনি বলেন, কৃষকদের ধান মিটার দিয়ে আর্দ্রতা পরীক্ষায় গ্রহণযোগ্য হয় না। ফলে ব্যবসায়ীরাই ধান-চাল সরবরাহ দিয়ে থাকে। সেখানে মিল মালিক ব্যবসায়ী, ওসি এলএসডি ও খাদ্য নিয়ন্ত্রকের মধ্যে একটা ‘নেগোসিয়েশন’ হয় বলে তার ধারণা।
দিনাজপুরে দলীয় লোকদের জন্য কাজ করতে পারছেন না
দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্য সংগ্রহ নীতিমালা যথাযথভাবে অনুসরণ না হওয়ায় প্রতিনিয়তই অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ খাদ্য সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। জেলা, উপজেলা পর্যায়ে কমিটিগুলোতে নীতিমালা অনুসরণ করে সদস্য মনোনীত করা হচ্ছে না। গত ২৩ এপ্রিল দিনাজপুরের বিরল উপজেলায় কমিটির মনোনয়ন নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও খাদ্য কর্মকর্তার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যন্ত ঘটেছে। এছাড়া নীতিমালা অনুযায়ী কমিটি গঠন না হওয়ায় এর প্রভাব পড়ছে সংগ্রহ অভিযানেও। পূরণ হচ্ছে না সংগ্রহ লক্ষ্যমাত্রা। এবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৩শ’ ৯৩ টন। গত ৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ৩শ’ ৩০ টন সংগ্রহ করা হয়েছে। তবে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, যথাযথ নীতিমালা অনুসরণ করে জেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটিগুলোর ক্ষেত্রে দুইজন বিশিষ্ট ব্যক্তির মনোনয়ন দিয়ে থাকেন সংশ্লিষ্ট সভাপতি। এক্ষেত্রে তার কোন হস্তক্ষেপ নেই।
রাজশাহীতে রাজনৈতিক বিবেচনাতেই কমিটি
রাজশাহী:রাজশাহীতে খাদ্য সংগ্রহ কমিটিতে সুধীজনের কোঠায় মনোনীত করা হয়েছে দলীয় ব্যক্তিদের। জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি জেলা প্রশাসক একজন কলেজ শিক্ষককে অন্তর্ভুক্ত করলেও বাকি দুইজনকে অন্তর্ভুক্ত করেছেন রাজনৈতিক বিবেচনাতেই। এই জেলার ৯টি উপজেলার সবগুলোতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সরকারদলীয় সংসদ সদস্যের মনোনীত ব্যক্তিদের কমিটিতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে মতামতের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত রয়েছেন, কথা বলতে পারবেন না বলে তার অফিস থেকে জানানো হয়।