ডাকাতের গুলিতে পিতা-পুত্র আহত

মঙ্গলবার গভীর রাতে রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ডাকাতি হয়। অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করলে ডাকাতরা গুলি ছুঁড়ে। এতে চা দোকানদার আবদুল খালেক পাটওয়ারী ও তার ছেলে এমরান হোসেন পাটওয়ারী গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটওয়ারী জানান, ডাকাতির খবর পেয়ে তিনি নিজে এলাকাবাসীকে নিয়ে ১৫-২০ জনের ডাকাতদলকে ঘেরাও করেন। এসময় ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দু’জন গুলিবিদ্ধ হয় এবং ডাকাতরা পালিয়ে যায়। রায়পুর থানার উপ-পরিদর্শক শামছুল হক জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।