কুমিল্লায় ঐক্য পরিষদ নেতাকে হয়রানির অভিযোগ

কুমিল্লায় রাজনৈতিক নির্দেশে ঐক্য সংহতি পরিষদের নেতা হাফেজ বিল্লালকে ২০১২ সালের ১৬ ডিসেম্বর আটক করে একের পর এক মামলা দিয়ে ব্যাপক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। আটক নেতা হাফেজ বিল্লালের মুক্তির দাবিতে গত ৩০ এপ্রিল সদর দক্ষিণ উপজেলায় অর্ধদিবস হরতাল হয়েছে। গত ২ মে তাকে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। গ্রেফতারকৃত হাফেজ বিল্লালের স্ত্রী সালমা সুলতানা বলেছেন- রাজনৈতিক কারণে তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে স্বামীর মুক্তির দাবি করেন। এব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি মো.আইনুল হক ইত্তেফাককে জানান, বিল্লাল জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে আটকের পর তার মোবাইলের ম্যাসেজে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।