বেনাপোল বন্দরে ১৪ মাস ধরে বিকল ৫শ’ টেলিফোন

বেনাপোল প্রধান সড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে পৌরসভার ড্রেন ও ফুটপথ নির্মাণের কারণে ৫শ’ ডিজিটাল টেলিফোন লাইন ১৪ মাস ধরে বিকল হয়ে রয়েছে। বেনাপোল পৌর এলাকার ময়লা পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণে প্রথম দফায় গত বছরে পৌরসভার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ৩৬৭টি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। গত ২০ দিন থেকে আবারও শুরু হয়েছে সড়কের দক্ষিণ পাশের ড্রেন ও ফুটপথ নির্মাণের কাজ। সোনালী ব্যাংক, কাস্টমস, বন্দর, বিজিবিসহ অনেক গ্রাহকের টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ১৪ মাসেও আগের বিচ্ছিন্ন হওয়া লাইন সংযোগে উদ্যোগ নেয়া হয়নি। বেনাপোল পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান বলেন, পৌর ও টিএন্ডটি কর্তৃপক্ষ একসাথে বসে যাতে দ্রুত সংযোগগুলো পুনঃস্থাপন করা যায় তার জন্য চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে শার্শা উপজেলা বিটিসিএল-এর উপ-সহকারী প্রকৌশলী (ফোনস) আসাদুজ্জামান আসাদ বলেন, উপজেলায় ২ হাজার বিটিসিএলের ডিজিটাল টেলিফোন সংযোগ আছে। বেনাপোলে ৭শ’ সংযোগের মধ্যে ৩৭১টি সংযোগ দীর্ঘ ১৪ মাসেও বিচ্ছিন্ন রয়েছে। আবার নতুন করে খোঁড়াখুঁড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক লাইন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।