ট্রেনে পা হারানো রনির জীবন চলে ভিক্ষা করে

দুই হাতে ছোট দুই টুকরা কাঠ ব্যবহার করে পথচলা ছেলেটি চরফ্যাশন বাজারে দোকানে দোকানে গিয়ে সাহায্য প্রার্থনা করছিল। আলাপকালে জানায় তার জীবনের করুণ কাহিনী। ছেলেটি জন্ম থেকে প্রতিবন্ধী ছিল না। সুস্থ, সবল, স্বাভাবিক হয়ে উপজেলার আলীয়া চৌমুহনী সংলগ্ন বালাম মোল্লার বাড়িতে ১১ বত্সর আগে রনির জন্ম হয়। তার বয়স যখন ৩ তখন তার ভাই জনির জন্ম হয়। রনির ৪ বত্সর আর জনির ১ বত্সর বয়সকালে মা রিপা তাদের দুই ভাইকে ফেলে বাবার সংসার ছেড়ে চলে যায়। নিরুপায় বাবা দুই ভাইকে তাদের দাদী জাহানারার আশ্রয়ে রেখে ঢাকায় অর্থ উপার্জনে যান। সেখানে বাবা সুমন বিয়ে করেন। এরপর আর তাদের খোঁজ-খবর নেননি। দাদী জাহানারার আশ্রয়ে বেড়ে ওঠে রনি ও জনি দুই ভাই। বর্তমানে রনির বয়স ১১ আর জনির বয়স ৮। রনি জানায়, দাদী জাহানারা ঢাকার ফতুল্লায় গার্মেন্টস থেকে ঝুট এনে বিক্রি করে তাদের নিয়ে কোনরকম সংসার চালাতো। এরই এক পর্যায়ে তাকে ফতুল্লার একটি হোটেলে প্লেট ধোয়ার কাজ দেয়। গত রমজান মাসের ১ম দিন হোটেল থেকে বাসায় ফেরার পথে রেললাইন অতিক্রমের সময় ট্রেন দুর্ঘটনার শিকার হয় সে। এতে আল্লাহর রহমতে বেঁচে গেলেও ট্রেনে তার দু’পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে দীর্ঘ আড়াই মাস চিকিত্সা শেষে সুস্থ হলে চরফ্যাশনে চলে আসে। এখানে রনি ও জনি তাদের দাদীর বোন আনোয়ারার আশ্রয়ে আছে। রনি জানায়, একমাত্র ভাই এবং নিজের জীবনরক্ষার্থে ভিক্ষাবৃত্তিকেই সে জীবনের শেষপথ হিসাবে বেঁছে নিতে বাধ্য হয়েছে। পা না থাকায় কাঠের উপর ভর করে পথ চলতে খুব কষ্ট হয়। তারপরেও জীবন-জীবিকার তাগিদে তাকে কষ্ট সহ্য করেই চলতে হচ্ছে।