ভাষা সৈনিক বাহাউদ্দিন
চৌধুরীর প্রথম
মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২২
বাংলাদেশ সরকারের প্রথম তথ্য সচিব, ছয় দফা প্রস্তাব উত্থাপক, বেশ কয়েকটি দৈনিক পত্রিকার সাবেক সম্পাদক ও ভাষা সৈনিক বাহাউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণ উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের কন্যা আঁখি চৌধুরীর বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাহাউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে ‘ছয় দফা’ প্রণয়নে সহায়তা করেছেন। ১৯৬৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল সভায় তিনি ‘ছয় দফা’ প্রস্তাব উত্থাপন করেন। দৈনিক গণকণ্ঠ, দৈনিক বার্তা, দৈনিক আজাদ, দৈনিক দিনকালসহ তিনি বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক বা উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান সাহিত্য সংসদ, ছায়ানট, ঢাকার বুলবুল ললিতকলা একাডেমী, করাচীর বুলবুল ললিতকলা কেন্দ্র ও করাচীর নজরুল একাডেমী প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তত্কালীন পূর্ব পাকিস্তানে তিনি ছিলেন ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়াও তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।