চৌগাছার কলেজগুলো ছাত্র সংগ্রহে নামবে না
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২৩
যশোরের চৌগাছায় কলেজ অধ্যক্ষদের অবশেষে শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা ঘোষণা করেছেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির উদ্দেশ্যে আর বাড়িতে বাড়িতে গিয়ে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের তোষামোদী করে ভর্তি করবেন না। তাদের যুগান্তকারী এ সিদ্ধান্তের প্রতি সকল কলেজের শিক্ষকরা ধন্যবাদ জানিয়েছেন। জানা যায়, প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবার পর থেকেই চৌগাছার ১১টি কলেজের শিক্ষকরা রীতিমত ভর্তিযুদ্ধে নামতেন। ভর্তি করতে গিয়ে নানা মিথ্যা প্রতিশ্রুতি, একে অপরের প্রতি কুত্সা রটনাসহ নান দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন। এবং কলেজ ফান্ড থেকে লাখ লাখ টাকা ব্যয় করা হতো। এ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দ্যেশ্যে গতকাল চৌগাছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহিদুুর রহমান বকুলের সভাপতিত্বে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। এবিষয়ে অধ্যক্ষরা একমত পোষণ করে কোন কলেজ মানবিক বিভাগে ২৫০ জন, বিজ্ঞান বিভাগে ৬০ জনের অধিক ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাণিজ্য বিভাগে ছাত্র-ছাত্রী কম থাকায় সকলে সমপরিমাণ ছাত্র-ছাত্রী ভর্তি করতে পারবেন। এছাড়া ভর্তি ফরম বাবদ ৫০ টাকা ও ভর্তি ফিস বাবদ ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, অধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যক্ষ বলাই চন্দ পাল, অধ্যক্ষ আবু জাফর, অধ্যক্ষ এম শহিদুল ইসলাম, অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, অধ্যক্ষ আশরাফজ্জামান বিপু, অধ্যক্ষ এবিএম আনোয়ার হোসেন বকুল ও অধ্যক্ষ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।