দৌলতপুরে সড়ক সংস্কার না করেই বিল উত্তোলন!

কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর-বোয়ালিয়া সড়ক সংস্কার না করেই সমুদয় অর্থ উত্তোলন করে নিয়েছে এক যুবলীগ নেতা। এ কাজে তাকে সহায়তা করেছেন দৌলতপুর উপজেলা প্রকৌশলী জিল্লুর রহমান। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার দৌলতপুর-বোয়ালিয়া সড়ক মেরামতের জন্য ৭৫ লক্ষ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করলে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের এক প্রভাবশালী নেতার ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হিসাবে ঐ কাজটি পায়। ঐ ঠিকাদার সড়কটির দু’ প্রান্তে সামান্য কাজ করে সমপূর্ণ বিল উত্তোলন করে নিয়েছেন। স্থানীয়রা জানান, আমরা দেখলাম কাজ শুরু হয়েছে। তারপর দেখছি রাস্তার দুই মাথায় সামান্য কাজ করে ঠিকাদার গায়েব। রাস্তার অবস্থা এবং আমাদের দুর্ভোগ যা ছিল তাই থেকে গেল! প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতপুর উপজেলা প্রকৌশলীর যোগসাজশে ঠিকাদার কাজ না করে বিল উত্তোলন করেছে। এক ঠিকাদার জানান, উপজেলা প্রকৌশলী টেন্ডারের আগে এসকল সড়ক বেশি ক্ষতিগ্রস্ত দেখিয়ে অতিরিক্ত অর্থে টেন্ডারে সহায়তা করে ঠিকাদারের সাথে অতিরিক্ত অর্থ ভাগ-বাটোয়ারা করে নেন। ঐ ঠিকাদার আরো জানান, প্রকৌশলী নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার কখনও ভাগে,্ন কখনও ভাতিজা পরিচয় দিয়ে এ সকল দুর্নীতি করে আসছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জিল্ল¬ুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার অফিসে এবং মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কবীর বলেন, কাজটির ঠিকাদার জেলা পর্যায়ের এক যুবলীগ নেতা এবং এ সকল সংস্কার কাজের প্রাক্কলন ও তদারকি উপজেলা প্রকৌশলী করেছেন তাই এ ব্যাপারে তিনি ভাল বলতে পারবেন।