মংলায় মামলা করায় কর্মজীবী নারীকে হুমকি
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২৫
থানা পুলিশের কাছে মারধরসহ শ্লীলতাহানীর অভিযোগ দেয়ায় এক কর্মজীবী নারী সন্ত্রাসীদের অব্যাহত ভয়ভীতি আর হুমকি-ধামকিতে অসহায় জীবন-যাপন করছেন। অভিযোগ উঠেছে, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড না করে তদন্তের নামে তালবাহানা করছে। ভুক্তভোগী মংলা পৌর এলাকার কবি জসীম উদ্দিন সড়কের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে ফাতেমাতুজ জোহরা জানান, শহরতলীর মাদ্রাসা রোডস্থ মৃত আউয়াল শিকদারের ছেলে আঃ জলিল শিকদারের মালিকানাধীন জ্যোতি ঋণদান সমবায় সমিতি লিঃ এ মাঠকর্মী হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রতিষ্ঠানের মালিক তাকে নানা অনৈতিক প্রস্তাব দেয়ায় সে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগদান করে। এ কারণে জলিল তাকে দেখে নেয়ার হুমকি দেয় এবং গত ৮ মে সন্ধ্যার পর শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ ঘটনায় ফাতেমাতুজ জোহরা মংলা থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ দিলেও পুলিশ তা রেকর্ড করেনি।