আঁধার ঘরে চাঁদের আলো

তালায় হতদরিদ্র মৌসুমী পেয়েছে গোল্ডেন এ প্লাস। জলঢাকার রাজমিস্ত্রী আঃ কাদের ডাক্তার হতে চায়। বানারীপাড়ার তানিয়া দারিদ্র্যকে জয় করেছে। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের সংবাদদাতারা। বানারীপাড়া (বরিশাল) দারিদ্র্যতাকে জয় করে বানারীপাড়ার তানিয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আঁধার ঘরে চাঁদের আলো হয়েছে। অভাবের সংসারে তিনবেলা খেতে, প্রাইভেট ও ভাল পোশাক পরতে না পারলেও বাসা ও স্কুলে নিয়মিত অধ্যয়ন, অদম্য ইচ্ছাশক্তি এবং নিরলস অধ্যবসায় তাকে সাফল্য অর্জনে সহায়তা করেছে। দরিদ্র রাজমিস্ত্রী জাহাঙ্গির ফকিরের মেয়ে মোসাম্মত্ তানিয়া বানারীপাড়ার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে রীতিমত চমক সৃষ্টি করেছে। এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেও অভাব-অনটনের মাঝে লেখাপড়ার ভবিষ্যত্ চিন্তায় তার মুখে হাসি নেই, দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার। তানিয়ার দরিদ্র বাবা-মা মেধাবী মেয়ে ও হাফেজী পড়ুয়া ছেলের লেখাপড়া চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালায় হতদরিদ্র মৌসুমী আক্তার চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলার আটারই গ্রামের আব্দুর রশীদ গাজীর কন্যা। মায়ের নাম রওশনারা বেগম। সে এজেএইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনবেলা না খেয়ে এবং ঠিকমতো প্রাইভেট পড়তে না পেরেও অদম্য মেধাবী মৌসুমী আক্তার উক্ত কৃতিত্ব অর্জন করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মৌসুমী তার সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। জলঢাকা (নীলফামারী) ইচ্ছা আর অদম্য শক্তির কাছে অভাব-অনটনকে হার মানিয়ে নীলফামারীর জলঢাকার প্রত্যন্ত অঞ্চলের হরিশচন্দ্র পাঠ উচ্চ বিদ্যালয় থেকে এবারের বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে রাজমিস্ত্রী আব্দুল কাদের। উপজেলার দক্ষিণ দেশীবাই মাঝাপাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুর আফজালুল হকের ৭ সন্তানের মধ্যে ৬ষ্ঠ আব্দুল কাদের। চরম দারিদ্র্র্যতা তাদের নিত্য সঙ্গী হওয়ায় ফলাফলের দিনও তাকে রাজমিস্ত্রীর কাজ করতে হয়েছে। কাদেরের মা হাসিনা বেগম বলেন, অভাবের সংসারে ছেলেকে ভাল খাওয়াতে বা প্রাইভেট দিতে পারিনি, তার নিজ ইচ্ছা ও স্কুলের স্যারদের সাহায্যে সে ভাল ফলাফল করেছে।