সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২৮
শেরপুরে নাজমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া শেরপুরে নাজমুল হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। গতকাল বুধবার উপজেলার দড়িমুকুন্দ গ্রাম থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
রায়পুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার রায়পুর পৌর মেয়র এবিএম জিলানীর ব্যবস্থাপনায় পৌর ভবনে ১০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিত্সা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল-কুমিল্লার পরিচালনায় আই ক্যাম্পটির চিকিত্সক ছিলেন ডা. এবায়েদউল্যা ও ডা. মনির হোসেন।
আদিতমারীতে ব্র্যাকের মাঠ দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাকের খাদ্য ও নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় শক্তি-২ হাইব্রিড ধানের এক মাঠ দিবস গতকাল বুধবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়। কৃষক শফিকুল ইসলাম এ বছর ব্র্যাকের সহযোগিতায় ৫৪ শতক জমিতে শক্তি-২ হাইব্রিড ধান চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে। তিনি এ বছর এ ধান থেকে শতকে এক মণের অধিক ধান পেয়েছেন।
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুর প্রতিনিধি \ লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে ২জন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
রামগঞ্জে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামে মঙ্গলবার গভীর রাতে ডাকাত-গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় পুলিশ সুমন (২৮) নামের ডাকাতকে আটক করে। গুরুতর আহত নোমান হোসেন (২৪), টিপু সুলতান (২৭),ইসমাইল হোসেন (২৭), জহির হোসেন (২৫), আরমান হোসেন (২২)কে রামগঞ্জ সরকারি হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
ঘোড়াঘাটে দীপশিখার শিক্ষার্থী মেলা
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে দীপশিখা এরিয়া অফিসের বনি ফান্ডের আয়োজনে দীপশিখা ঘোড়াঘাট এরিয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা মেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী। দীপশিখা এরিয়া অফিসের ম্যানেজার রজব আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রজব আলী মণ্ডল।
বাউফলে বিএনপি’র আনন্দ মিছিল
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ দীর্ঘদিন পর সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি, এম আবদুর রবকে সাধারণ সম্পাদক ও বাউফল বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মদ তালুকদারকে ১নং সিনিয়র সহসভাপতি করে ১৭১ বিশিষ্টি পটুয়াখালী জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। ফারুক তালুকদারকে সিনিয়ার ১নং সহসভাপতি করায় বাউফল বিএনপি আনন্দ মিছিল বের করে ।
বেলকুচিতে ৭ শিবির কর্মী আটক
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন, বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের হোসেন আলী, আইয়ুব আলী, হাফেজ হাম্মাদ আলী, শাহাদত হোসেন, নাসিরউদ্দিন, সর্বতুলশী গ্রামের জিন্নাহ আকন্দ ও মাসুদ রহমান।
গোপালগঞ্জে সিসিমপুর দিবস পালন
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে র্যালি, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সিসিমপুর দিবস পালন করা হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিশু একাডেমিতে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রফিকুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ ফজলুল করিম, জেলা ক্রীড়া অফিসার এ.এস.এম ফিরোজুল আহসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
সিংড়ায় রিক-এর সেলাই প্রশিক্ষণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ফুড এন্ড লাইভলিহুড সিক্যুরিটি (এফএলএস) প্রকল্পের ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও বাস্তবায়ন সহযোগী সংস্থার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে উপকারভোগীদের আয়বৃদ্ধিমূলক সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর সিংড়া অফিসে উপজেলা প্রকল্প ব্যবস্থাপক আব্দুস ছোবহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
ফুলবাড়িতে পারিবারিক নির্যাতন প্রতিরোধে কর্মশালা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ পারিবারিক নির্যাতন প্রতিরোধে আইনের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়িস্থ সুজাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী সংস্থার প্রকল্প সমন্বয়কারী নূরুল ইসলাম।
চান্দিনার ধানসিঁড়ি আবাসিক এলাকায় ডাকাতি
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চান্দিনা থানার ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত ধানসিঁড়ি আবাসিক এলাকায় চান্দিনা বাজারের হারুন ভুঁইয়া মার্কেট সংলগ্ন চৌধুরী ফার্মেসীর মালিক আবুল কাশেম চৌধুরীর গাংচিল নামক বাসভবনে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। মঙ্গলবার গভীর রাতে বাসার প্রধান গেটের তালা কেটে ডাকাতদল বাসার দ্বিতীয়তলায় প্রবেশ করে নগর ২ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইলসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বহাল রাখার দাবিতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক সমিতি মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার তারা এ কর্মসূচি পালন করেন। সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহ সুলতানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নেতা পিয়ারা বেগম, মনিরুল হক প্রমুখ।
নাগেশ্বরীতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে প্রধান শিক্ষক আবু হানিফা বাবুকে বরখাস্ত ও কেদার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল বুধবার উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ডে মানববন্ধন করে অবিভাবক ও পূর্ব দুধকুমরবাসী। এ সময় বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ প্রমুখ।
চান্দিনায় ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় মোজাহিদুল হক (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মোজাহিদুল হক ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামে।
অভয়নগরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশ থেকে মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় ২টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে একটি ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তু দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে জর্দার কৌটায় ২টি বোমা ও একটি ব্যাগভর্তি বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
পিরোজপুরে ফাটলের কারণে ব্রাক ব্যাংক বন্ধ
পিরোজপুর অফিস \ দালানে ফাটল দেখা দেয়ায় পিরোজপুর টাউন ক্লাব মার্কেটে অবস্থিত ব্র্যাক ব্যাংকের একটি শাখা বন্ধ করে দেয়া হয়েছে। মার্কেটের দোতলায় দু’বছর আগে ব্যাংকটি চালু হয়। সম্প্রতি মার্কেটের নিচুতলার ফ্লোর উঁচু করার জন্য দালানে কিছু অপরিকল্পিত সংস্কার কাজ করার ফলে পিলার, কলাম ও ছাদে এ ফাটলের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ফাটলের মাত্রা বেড়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের শাখা বন্ধ করে লেনদেন স্থগিত রাখে।
সিদ্ধিরগঞ্জে শতভাগ পাস করায় আনন্দ মিছিল
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাস করায় আনন্দ র্যালী বের করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার এ র্যালী বের করা হয়। স্কুল থেকে শুরু হওয়া র্যালীটি লিংকরোডের জালকুড়ি বাসস্ট্যান্ড হয়ে কড়ইতলা দিয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সুন্দরগঞ্জের স্কুলে পুরস্কার বিতরণী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক জহুরুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউএনও আহসান হাবিব।
রামগঞ্জে সেলাই প্রশিক্ষণ শুরু
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার যুব উন্নয়নের সহায়তা কান্তা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার বকসীবাজার সংস্থার কার্যালয়ে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও ফাতেমা তুল জান্নাত, সংস্থার সভানেত্রী শিউলী আক্তার সুরাইয়া, পরিচালক আবুল কাসেম মাস্টার।
মাদারীপুরে ব্র্যাকের কর্মশালা
মাদারীপুর প্রতিনিধি \ ব্র্যাকের আয়োজনে “কর্মজীবীদের নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষিত ভূমিকা” শীর্ষক এক কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী সামিয়া ইয়াসমীন।
দুর্গাপুরে ওপেন হাউজ ডে
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থানা মাঠে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের উপস্থিতিতে বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন।
নাসিরনগরে ব্র্যাকের হেলথ বিষয়ক সভা
নাসিরনগর (বি. বাড়িয়া) সংবাদদাতা \ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার ৬ মাস হতে ৫ বছরের শিশুর পিতাদের অংশগ্রহণে পুষ্টি কর্ণার বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সালেহ মোহাম্মদ মুসা খান।
ধুনটে যুবলীগের সম্মেলন
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের ১ ও ২ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু।
নবীনগরে ডাকাত সর্দার গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডাকাত সর্দার, টাইগার সামাদের অন্যতম সহযোগী টাইগার বাবুলকে(৩২) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাইতলা তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
শেরপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
শেরপুর(বগুড়া)সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সাথে এক মতবিনিময় সভা গতকাল বুধবার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খান, শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমিআরা পারভিন শান্তনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া।