রাজপথের চাপ বিচারকে যেন প্রভাবিত না করে :র্যাপ

যুদ্ধাপরাধ বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপ বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি কয়েকটি ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক মান, সরকার ও আসামির পক্ষে সমান সুযোগ, আইন সংশোধন কিংবা অভিযুক্তদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। বিচারের মান উন্নয়নের সুযোগ এখনো আছে। তবে এসব দুর্বলতা ছাড়াও যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকা দরকার বলে তিনি মন্তব্য করেন। সহিংসতা বা রাজপথের চাপ যেন বিচারে প্রভাব সৃষ্টি না করে সেজন্য তিনি সতর্কতা প্রকাশ করেন। দুই দিনের সফরে সোমবার ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের বিশ্ব ফৌজদারি বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তা স্টিফেন র্যাপ। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু হবার পর এর আগে তিনি তিনবার ঢাকা সফর করেন। চতুর্থ দফা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাবার আগে গতকাল বুধবার বিকালে আমেরিকান সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে বিচার কার্যক্রম সংশ্লিষ্ট সব ইস্যুতে পর্যবেক্ষণ ও মতামত দেন স্টিফেন র্যাপ। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। স্টিফেন র্যাপ যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগের প্রশংসা করে বলেন, পৃথিবীতে এমন বহু দৃষ্টান্ত আছে বহু বছর, বহু দশক পরেও এমন গণহত্যা, লুণ্ঠনের মতো অপরাধের বিচার করা হচ্ছে। দেশে দেশে অপরাধীদের বয়স বা অবস্থান কোনটাই বিচারের ক্ষেত্রে বাধা হয় না। এ ধরনের বিচার করে বাংলাদেশ বিশ্বে ইতিহাস সৃষ্টি করতে পারবে। বিচার প্রক্রিয়া অন্য দেশ বা জাতির জন্য দৃষ্টান্ত হতে পারে। বিচার প্রক্রিয়া কখনোই রাজনীতি বা চাপ দ্বারা প্রভাবিত হওয়া কাম্য নয়। কোন অপরাধীর বিরুদ্ধে বিচার সম্পন্ন হবার পর রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। বিচারকদের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে সবার। স্টিফেন জে র্যাপ তার দৃষ্টিতে বিচার প্রক্রিয়ায় কয়েকটি ঘাটতির কথা উল্লেখ করেন। সেগুলো হচ্ছে-রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সমান সংখ্যক সাক্ষীর উপস্থিতি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণের পাশাপাশি নির্দোষ প্রমাণে বাধ্য করা। বিচার প্রক্রিয়ায় মাঝামাঝি আপীলের সুযোগ রেখে আইন সংশোধন এবং আন্তর্জাতিক মান। বাংলাদেশ যেসব আন্তর্জাতিক বিধি ও কনভেনশনে স্বাক্ষর করেছে সেগুলো অনুসরণ করে বিচার চালানো উচিত। মার্কিন বিশেষ দূত এক প্রশ্নের জবাবে বলেন, রায়ের বিরুদ্ধে সহিংস উপায়ে প্রতিবাদ করা কিংবা প্রত্যাশিত রায়ের জন্য চাপ সৃষ্টি করা কাম্য নয়। ট্রাইব্যুনালের এসবের দ্বারা প্রভাবিত হলে চলবে না। বিচারক বিচার করেবন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে। তথ্য, প্রমাণ সাক্ষ্যই হওয়া ও উচিত বিচারের মূল ভিত্তি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ডের বিধান নিয়ে ভাবা দরকার। যুক্তরাষ্ট্রেও মৃত্যুদণ্ড রয়েছে। ইউরোপে মৃত্যুদণ্ড বিলোপ হয়েছে। এখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে অপরাধের মাত্রা বিবেচনা করা দরকার। তিনি আরো বলেন, আইন প্রণেতারা সাধারণত জনমত বা চাপকে বিবেচনায় এনে আইন করে থাকেন। কিন্তু বিচারকরা কাজ করেন আইন অনুযায়ী, রেকর্ড প্রমাণ ও তথ্য দ্বারা। বিচারকদের অন্য কিছু দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। জামায়াত নিষিদ্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মার্কিন দূত বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিদের। নিজ নিজ অপরাধের বিচার হচ্ছে। কোন সংগঠন বা দল এতে জড়িত নয়। তিনি আরো বলেন, আবেগ, রাজনীতি বা চাপ কোন কিছুই বিচারে বিবেচ্য হতে পারে না। ন্যায় বিচারের স্বার্থে সরকার বদল হলেও যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকা উচিত। বিদেশি আইনজীবী নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বার কাউন্সিল আইন অনুযায়ী বিদেশি আইনজীবী আনা যায় না।