রানা প্লাজা এখন সংরক্ষিত এলাকা স্বজনরা আসছেনই

রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ হলেও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারি থামেনি। স্বজনরা লাশের সন্ধানে ঘুরছেন অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে, রানা প্লাজা এলাকায় এবং ঢাকা মেডিক্যাল কলেজ ও মিটফোর্ডের মর্গে। গতকাল বুধবার সরেজমিনে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও রানা প্লাজা এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ছবি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে স্বজনদের। তাদের প্রশ্ন, উদ্ধার কাজ শেষ হয়েছে কিন্তু তাদের প্রিয় মানুষটির লাশ কোথায়? আদৌ কি তারা খুঁজে পাবেন লাশ? কেউ কেউ বলেন আমাদের অনুদান ও সাহায্যের প্রয়োজন নেই। শুধু লাশ চাই। কারো মা, কারো বোন, কারো সন্তান এখনও নিখোঁজ রয়েছেন। গত ১৩ মে সন্ধ্যায় রানা প্লাজার ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত এলাকা এবং বেসমেন্টে বেশ কিছু সংখ্যক গাড়ি, মার্কেটের কাপড়, গার্মেন্টসের কাপড় ও যন্ত্রপাতিসহ বেশ কিছু জিনিস রয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষ ওইদিন রানা প্লাজা এলাকা ঢাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। রানা প্লাজার ৫২ শতাংশ এলাকায় জেলা প্রশাসন শক্তিশালী কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছে। সেখানে জেলা প্রশাসন লাল পতাকা টাঙিয়ে একটি নোটিস ঝুলিয়ে দেন। জেলা প্রশাসনের ওই নোটিস বোর্ডে উল্লেখ করা হয়, এটি একটি সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা বলেন, ভিতরে গাড়িসহ মালপত্র যাই থাকুক না কেন এর জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগে তালিকা প্রস্তুত করবে এবং পরে অন্য ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কাঁটাতারে মাথা রেখে শুধুই কাঁদছেন। এদেরই একজন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গোলাপজান। তার মেয়ে ফাতেমা রানা প্লাজার পঞ্চম তলায় গার্মেন্টসে কাজ করতেন। তিনি মেয়ের লাশ খুঁজছেন। কাঁটাতারের বেড়ায় মাথা রেখে মেয়ের ছবি হাতে নিয়ে তিনি শুধুই কাঁদছেন। নওগাঁওয়ের মহাদেবপুর উপজেলার প্রভাব চন্দ্র বসু (৫৮) রানা প্লাজার চতুর্থ তলায় কাজ করতেন। তার সন্ধানে এসেছেন মেয়ের জামাই শিবু চৌধুরী। তিনি শ্বশুরের লাশ সন্ধান করে পাচ্ছেন না। টাঙ্গাইল নাগরপুর উপজেলার আবুল কালাম আসেন তার মেয়ে নাসিমা আক্তারের খোঁজে। রানা প্লাজার গার্মেন্টস কর্মী নাসিমার লাশের সন্ধান এখনও তার পিতা পাননি। মেয়ের ছবি নিয়ে শুধু কাঁদছেন। দিনাজপুরের ছোট গুলগুলা থেকে নুরুল আমিন আসেন তার কন্যা বিলকিসের (১৮) খোঁজে। রানা প্লাজার গার্মেন্টস কর্মী বিলকিস। তার পিতা মেয়ের লাশের জন্য কেবল ছোটাছুটি করছেন। লাশের সন্ধান পাচ্ছেন না। রংপুর কাউনিয়া থেকে আসেন আঞ্জুয়ারা বেগম স্বামী মো. আলমের সন্ধানে। স্বামীর লাশ না পেয়ে শুধু কাঁদছেন। রানা প্লাজার অষ্টম তলার গার্মেন্টস কর্মী শিরিন আক্তার (২০) ও তার স্বামী মেহেদী হাসান। ঘটনার ১০ দিন পরে মেহেদী হাসানের লাশ সনাক্ত হলেও শিরিন আক্তারের লাশ আজও পাওয়া যায়নি। তার পিতা ফজলুল করিম চুয়াডাঙ্গা জীবননগর থেকে এসে কন্যার লাশ খুঁজে পাননি।