আবদুর রহমান বয়াতি লাইফ সাপোর্টে
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৪৬
জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতির অবস্থা আশংকাজনক। গত সোমবার রাতে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
আবদুর রহমান বয়াতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার বয়স ৭০ বছর। সোমবার রাতে হঠাত্ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। হাসপাতালটি তার চিকিত্সার ভার নিয়েছে। আবদুর রহমান বয়াতির জনপ্রিয় ও উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে, মন আমার দেহঘড়ি সন্ধান করি, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, মরণের কথা কেন স্মরণ করো না, আমার এত সাধের রংমহল ঘর ইঁদুরে কেটে বিনাশ করতেছে, আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে, হাটের মাঝে ভাঙ্গল হাঁড়ি’র মত জনপ্রিয় চারশ’ গানের রচয়িতা তিনি। চার যুগ মঞ্চ মাতিয়েছেন তিনি।