দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৪৭
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে সারাদেশের উপকূলীয় অঞ্চলসহ দূরপাল্লার সবধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল বুধবার অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করে। এই নির্দেশ জারি করার পর সদরঘাট থেকে দূরপাল্লার কোন ধরনের নৌযান ঢাকা ছেড়ে যায়নি। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার ইত্তেফাককে বলেন, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বুধবার সকাল থেকে দূরপাল্লার সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীসাধারণের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সন্ধ্যায় সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর মাঝখানে ছোট-বড় ও মাঝারি ধরনের দূরপাল্লার নৌযান নোঙ্গর করা হয়েছে। সকাল থেকে কোন ধরনের নৌযান ঢাকা থেকে চাঁদপুর কিংবা বরিশালসহ অন্যান্য রুটের উদ্দেশ্যে যাত্রা করেনি। এ ব্যাপারে এমভি হুলারহাট লঞ্চের চালক ইত্তেফাককে বলেন, ঘূর্ণিঝড় সম্পর্কে অগ্রিম সতর্কতার কারণেই তারা যাত্রা বিরতি পালন করছেন। তিনি বলেন, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তারপরও অনেক যাত্রী সদরঘাট টার্মিনালে আসছেন। ঝড়ের কথা বলে তাদের অনেককেই ফিরিয়ে দেয়া হয়েছে।
সদরঘাট টার্মিনালের দায়িত্বে নিয়োজিত বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপ-পরিচালক মো. সাইফুল হক খান বলেন, গতকাল বুধবার সকাল থেকে দূরপাল্লার সকল নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ৬০টি রুটে নৌ-চলাচল বন্ধ রয়েছে। আর বিকাল ৩টার পর থেকে ছোট ও মাঝারি ধরনের নৌযান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। লঞ্চ মালিকরা লঞ্চ চলাচল বন্ধে সহায়তা করছেন বলে তিনি জানান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশ কঠোরভাবে পালনের জন্য নৌ-পুলিশের একাধিক টিমও মাঠে কাজ করছে। এছাড়া নদীতে মাইকিং করে ও দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাবও লঞ্চ চলাচল বন্ধে সহায়তা করছে।