রানার বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এসব সম্পত্তি বৈধ কিনা তা নিশ্চিত হতে পারেনি দুদক। শিগগিরই দুদক এসব সম্পদের বৈধ আয়ের উত্স জানতে চাইবে। রানার অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে ধামরাইয়ের কালামপুরে একাধিক ইটভাটা, সাভার বাজার রোডে ৮ তলা রানা টাওয়ার, বাজার রোডে ৬ তলা ভবন, রানা প্লাজার পেছনে ৫ তলা ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডবে ২ তলা বাড়ি এবং তার নামে ৫টি ব্যাংকে অ্যাকাউন্ট। এছাড়া স্বনামে-বেনামে সাভার পৌরসভা ও তার বাইরে সম্পদের হদিস পেয়েছে দুদক। রানা প্লাজার নামে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণও নিয়েছেন তিনি। গতকাল বুধবার বিকালে দুদকের পরিচালক ও উইং কমান্ডার তাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম কমিশনে ওই অনুসন্ধানী প্রতিবেদন জমা দিয়েছে। দুদকের অনুসন্ধান টিম জানিয়েছে, রানার এসব সম্পত্তির বৈধ উত্স দুদককে জানাতে না পারলে দুদক রানার বিরুদ্ধে মামলা দায়ের করবে। উইং কমান্ডার তাহিদুল বলেন, প্রাথমিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। অনুসন্ধান টিম রানা প্লাজার মালিকের সম্পদ বিবরণী জমা দেয়ার জন্য কমিশনের কাছে অনুমতি চেয়েছে। জমা দেয়া এ প্রতিবেদনে রানার বিভিন্ন সম্পদ ও ভবন নির্মাণের ক্ষেত্রে অনিয়মের বিষয়ও উঠে এসেছে। সূত্র জানায়, রানার সকল সম্পদের বৈধ উত্স জানতে চাইবে দুদক। আজ বৃহস্পতিবার বা আগামী রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে সম্পদ বিবরণী চেয়ে রানার ঠিকানায় নোটিস পাঠানো হবে। নোটিসে স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দুদকে জমা দেয়ার নির্দেশ দেয়া হবে। অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, রানা প্লাজাসহ বিভিন্ন ভবন নির্মাণে রানা কিভাবে টাকা পেয়েছেন এবং পাশাপাশি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও রাজউকের কোনো অবহেলা ছিলো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুদক টিম মনে করছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলে বিভিন্ন অবৈধ পন্থায় সোহেল রানা রাতারাতি বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান। নামে-বেনামে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। এসব সম্পদ কিছু নিজ নামে, কিছু স্ত্রী ও বাবার নামে রেখেছেন। দুদকের উপ-পরিচালক মো. মফিদুল ইসলামের নেতৃত্বে টিমের অন্য সদস্য হলেন সহকারী পরিচালক মাহবুবুল আলম। এ টিমকে তদারকি করছেন দুদকের উইং কমান্ডার। দুইটি মামলায় রানার ১৩ দিনের রিমান্ড মঞজুর সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে হত্যা, অস্ত্র ও মাদকের পৃথক দুইটি মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট তৈয়বুল হাসান সাভার থানার অপরাধজনক নরহত্যার মামলায় ৫ দিনের ও তাজুল ইসলাম ধামরাই ধানার অস্ত্র মামলায় ৬ দিন, মাদকের মামলায় ২ দিন রিমান্ড মঞ্জুর করেন। রানাকে হত্যা ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়।