এক বছর জেল খেটে

ভারত থেকে ফিরলো ৪ তরুণী

পাচার হয়ে যাওয়া ৪ বাংলাদেশি তরুণী দীর্ঘ ১ বছর ভারতে কারাভোগের পর গতকাল বুধবার বিকালে দেশে ফিরেছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। ২৬ বিজিবি’র বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে একটি নারী শিশু পাচারকারী চক্র তাদের ভারতে নিয়ে বিক্রি করে দেয়। কলকাতা শহরে যাওয়ার পর সে দেশের পুলিশ তাদের রেল স্টেশন এলাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। আটককৃতদের কোলকাতার একটি স্বেচ্ছাসেবক সংগঠন জেল থেকে মুক্ত করে কোলকাতার নোনাপুকুর সরকারি মহিলা শেল্টার হোমে আশ্রয় দেয়। বাংলাদেশের মহিলা আইনজীবী সমিতি ও মানবাধিকার সংগঠন রাইটস যশোর উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠি চালাচালির পর তাদের দেশে ফিরিয়ে আনার অনুমতি পায়। ফেরত আসা তরুণীদের বাড়ি খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।