কবিতায় রঙের নান্দনিক মেলবন্ধন

শরতের বাস টার্মিনাল মাজহার সরকার প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী প্রকাশক: বিদ্যাপ্রকাশ মূল্য: ১৩৫ টাকা এ সময়ের নবীন কবি—মাজহার সরকার। তাঁর কবিতার বিষয়গত আঙ্গিক নতুন চিন্তার খোরাক জোগায়। দৃশ্যমান বস্তুবিশেষ ও রূপকল্পের মিশ্রণে কবিতার অবয়ব তৈরি করে অন্যরকম দ্যোতনা। বলা চলে, চিন্তার জগতে যোগ করে নতুন মাত্রা। আর সেই রেশ নিয়ে অনায়াসে পাঠ করে নেওয়া যায় কবির মানস, কবিতার পটভূমি। ‘শরতের বাস টার্মিনাল’ বইটি অন্তত সে দাবিই রাখে। মাজহারের শব্দসচেতনতা অগ্রহ তৈরি করে কবিতার প্রতি, কবির প্রতি। তাঁর কবিতা পাঠে মনে হয়েছে, নিঃসঙ্গতা কবিকে প্রবলভাবে আঁকড়ে আছে, আছে সেই নিঃসঙ্গতার যন্ত্রণাও। মানুষের নৈতিক ক্ষয় কবিকে পীড়া দেয়, মানবিক সমাজের তাড়না করে তোলে আবেগী। আর সেই আবেগের নির্যাসই তাঁর কবিতা। তাই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও কবির সাহসী উচ্চারণ ‘এই নগর আমার নয়, শুধু প্রেম আমার/ এই অগ্ন্যুত্সব আমার নয়, শুধু গান আমার।’ (এই নগর আমার নয়) কিংবা ‘এক ছিটা ছায়ার রেখাচিত্র’ কবিতায় ‘অমর স্বপ্নের করতলে বেজে যায় নীরব তবলা, বেজে যায়।/ ...অমর স্বপ্নের অঙুলে বেজে যায় নীরব সেতার, বেজে যায়।’ অথবা ‘রানওয়ে জুড়ে রোদেও ছেনাল’ কবিতায় ‘টেবিলে আঙুল ঠুকে নেচে যায় জীবনের বিষণ্ন তাল।’ মাজহার সরকারের কবিতায় মধ্যবিত্ত জীবনের বহুমাত্রিক রূপ উদ্ভাসিত। মানবপ্রেম, প্রকৃতি ও মানুষের যূথবদ্ধ অবস্থান, জীবনের দ্বান্দ্বিকতা মাজহারের কবিতার মুখ্য উপাদান। আবেগ কবিতার প্রাণ, এই আবেগকে শক্তিময় করে তুলতে গিয়ে হূদয়রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েন কবিকে গভীরভাবে স্পর্শ করে। মর্মস্পর্শী বক্তব্য, নান্দনিক উপস্থাপনে মাজহার স্বতন্ত্র কবিতা নির্মাণে নিজেকে ব্যাপৃত রেখেছেন। প্রকৃতি, প্রেম, মানবিক আর্তনাদ শব্দে সাজিয়ে মলাটবন্দী করেছেন, আর তাতে গেয়েছেন জীবনের জয়গান। ‘ধূসরতার আসার’ কবিতায় ‘দেখি তুমি তাকিয়ে ওই বাতায়ন—লাজুক নির্জন/ দেখি হূদয়ের নরোম ঘ্রাণ শুষে নিয়েছে আমার পাশবালিশ।/ ...দেখি দানা দানা রোদ শুয়ে আছে সবুজ ঘাসের শিষে/ দেখি আহত পাখির ডানাঝাড়ার শব্দ এসেছে সবটুকু মৌনতায়/ আমার নিজের ছায়ায় অন্ধকার হয়ে আছে আমার সম্মুখ/ অনাবৃত জনপদ জুড়ে পড়ে আছে ছোট ছোট গল্পভরা অভিধান।’ কিংবা ‘যখন বৃষ্টি ঝরে আকাশের অশ্রু কে মোছে’ কবিতায় ‘এই বুঝি অপ্রস্তুত দেখে ফেলি!/ অন্ধ ও উলঙ্গ আগুন নেমে এসে/ পুড়িয়ে দিয়ে যায় হূদয়ের সমস্ত সবুজ ঘাস/ গুটিয়ে রাখা খসড়া কাগজের মতো/ গুটিয়ে যায় আমার আকাশ।’ এমনি ‘ফুল হলো ভুল হলো’ কবিতায় ‘আমিতো এমন ছিলাম না/ আমার স্পর্শ করা ফ্যাকাশে চারিধার অন্ধকার/ ঝরঝর পাতা, মিথ্যা মিথ্যা ট্রেন এসে দাঁড়ায় আমার সামনে/ আঁশটে সবুজ বগি ভরে নিয়ে যায় উদ্দেশ্যহীন এক নদীর নাম প্রেম।’ মাজহার সরকারের শব্দচয়ন, কবিতার শিরোনাম নির্বাচন—সবই তাঁর স্বতন্ত্র রূপের ধারক। কবিতার বিষয়বস্তুর পাশাপাশি শিরোনাম খেয়াল করলে দেখি ‘শরতের বাস টার্মিনাল’, ‘ম্যারেজ সিরেমনি’, ‘সুইমিংপুল’, ‘মাউথ অর্গান’ ইত্যাদি যেমন মাজহার কবিতার বিষয় হিসেবে নিয়ে এসেছেন তেমনি ‘দড়ি ছেঁড়া ঘুড়ি’, ‘এক ছিটা ছায়ার রেখাচিত্র’, ‘কিরা কাটা মৌমাছি’ ইত্যাদি আমাদের গ্রামীণ সরল জীবনেরই প্রতিচ্ছবি। সবকিছু ছাপিয়ে হাহাকার যেন মুখ্য হয়ে তাঁর কবিতায়। ‘আগুনমাখা উনানের ঘা’ কবিতায় ‘তোমাকে নতুন করে পাবো বলে/ নিহত হূদয় লাশ হয়ে ভেসে যায় নদীতে/ ...তোমাকে নতুন করে দেখবো বলে/ নিহত নদী লাশ হয়ে ভেসে আসে হূদয়ে।’ কিংবা ‘অগোছালো চিরুনির চোখ’ কবিতায় ‘আর আমি কি বহুদূরের গ্রাম?/ এ কেমন ব্যথা সব পুঁতির মালার মতো/ ঝুনঝুন বাজে/ বুক খোলা বালিতে দেবে গেছে অতখানি হায়/ আমি কি ঘুণপোকার মধ্যশরীর?’ কবিতায় মাজহার রচনা করেছেন সমাজ ও মানুষের রূপান্তর বিষয়ে তাঁর নিজ উপলব্ধি। সমকালীন ঘটনাবলি, স্মৃতি, আনন্দ-বিষাদ ও কাতরতার প্রতিধ্বনি তাঁর কবিতায় অনুরণিত হয়। যেমন—‘ফুলটিকেট সোলো’ কবিতায় ‘তারপর মাঠের চৌহদ্দি পেরিয়ে ঘাসের কাছে আমি একাকী যাই/ ঘাসের নাড়ি টিপে প্রাণের স্পন্দন পাই, পাই পৃথিবীর শেষ/ আমি জানি এইসব কোনো উত্তর দেয় না—শুধু সুখ গুঁজে থাকে/ দুই হাঁটু মুড়ে নির্জনে শুধু কষ্টের পৃষ্ঠা খোলা রেখে চলে যায়’ অথবা ‘সে সমস্ত কথা আর থাকবে না বাতাসে’ কবিতায ‘অনেকটা পথ হেঁটে যাবার পর/ যখন পেছনে ফিরি—দেখি/ পথ ঢেকে গেছে ধূপদানির অস্পষ্টতায়/ তাহলে কি আগেকার সমস্ত কিছু শেষ হযে যায়!/ নদীও কি মুখ ফেরায়!/ সবকিছু অস্বীকার করে একদিকে বয়ে যায়!’ কিংবা ‘কিরা কাটা মৌমাছি’ কবিতায় ‘হাজার নটিক্যাল মাইল ছেঁকে নিয়েছিলাম এক ছড়া পঙিক্ত/ দুটি সমুদ্র একটি ঢেউ খাওয়া সুর বাজাতে বাজাতে/ তার পাথুরে চোখ অন্ধ হয়ে গিয়েছিল।’ মাজহার কবিতা রচনা করেন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষকে অবলম্বন করে। ‘আমার অবিরাম শাদা ঘোড়া’ কবিতায় ‘আমি যুদ্ধে যাবার আগে অবক্ষয়ের বক্ষজুড়ে/ জমে ওঠে বাজার—ফুলের মাংস—হরিণের ঘাস/ মাটির পাখি কুরে কুরে খায় মৃত্যুর দানা’ কিংবা ‘একা’ কবিতায় ‘পৃথিবীর পঁচিশ হাজার বর্গমাইল পরিধির ভেতর/ আমি গৃহহীন, ওপরে নিচে ডানে বামে দিন রাত শুধু/ অক্সিজেন শূন্যতা, আমি একা একা/ ...ল্যামেটার এর মহাবিস্ফোরণের পর থেকেই একা আমি/ একা হয়ে আছি একা’ শূন্যতার মাঝেও বাঙালির গৌরবগাথা, প্রতিকূলতা মোকাবেলা করে বেঁচে থাকার গল্প বক্তব্য ও চিত্রকল্পে তুলে এনেছেন। সত্য-সুন্দরকে আবিষ্কার করার কাজ মাজহার সার্থকভাবে সম্পন্ন করেছেন কবিতায়। হতাশা মাজহারের কবিতার দোষ না বাস্তবতা— এ বিবেচনা পাঠকের। বইটি পাঠক মহলে সমাদৃত হবে বলে প্রত্যাশা করি।