জন্মশতবর্ষে কাজী আবুল কাসেম
প্রথম বাঙালি মুসলমান চিত্রকর
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৭:৪৫
প্রথম বাঙালি মুসলমান চিত্রকর কাজী আবুল কাসেমের জন্ম শতবর্ষ পূর্ণ হলো চলতি মাসে। ১৯১৩ সালের ৭ মে যশোর জেলার উমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবার নাম কাজী মকবুল আলী; মায়ের নাম মেহেরুননিসা খাতুন। কাজী আবুল কাসেমের জীবনে ইতিহাস সৃষ্টিকারী এমন অনন্য ঘটনা আছে যে, শিল্পকলায় হাতে-কলামে শিক্ষা না পেয়েও আপন প্রচেষ্টায় তিনি হয়ে ওঠেন একজন সফল চিত্রকর। তাঁর অনুসৃত পথেই ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক পশ্চাত্পদতাকে পেছনে ফেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ প্রমুখরা চিত্রকর হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন। সে যুগটি ছিল, ‘প্রথম বাঙালি মুসলমানদের যুগ।’ এটা ১৯৪৭-এর পূর্বের কথা। গত শতাব্দীর তৃতীয় দশকে বাঙালি মুসলমানরা শিক্ষা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে যাত্রা শুরু করেছিলেন মাত্র। নতুন চেতনায় চোখ মেলে দেখার সময় ছিল তখন সেটা। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে বাঙালি সমগ্র জাদুঘর কাজী আবুল কাসেমের আত্মকথা ‘পূবের জানালা’ গ্রন্থটি প্রকাশ করেন। বর্ষীয়াণ শিক্ষাবিদ কবির চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীসহ সংস্কৃতিজগতের অনেকেই বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বইটির প্রকাশকালে উপস্থিত ছিলেন। বিক্ষিপ্ত এবং কিছুটা বিচ্ছিন্নভাবে লেখা এই আত্মকথা শিল্পী তাঁর জীবনসায়াহ্নে এসে লিখতে শুরু করেছিলেন। ব্যাপক ও বর্ণাঢ্য এবং স্মৃতিবহুল এই দীর্ঘজীবনে শিল্পী দেখেছেন ব্রিটিশ-ভারত, ৪৭-এর দেশভাগ ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ষাটের দশকের বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ।
‘পূবের জানালা’ বইটি পড়ে কাজী আবুল কাসেমের চিত্রকর হয়ে ওঠার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যও পাঠক পেয়ে যান। সেটা হলো শিল্পী কাজী আবুল কাসেম শুধু প্রথম বাঙালি মুসলমান চিত্রকরই নন, উপমহাদেশের সব সমপ্রদায়ের মধ্যে তিনি একজন পথিকৃত্ ব্যঙ্গচিত্রীও। দোপেঁয়াজার স্বাক্ষরে ‘আজাদ’, ‘সওগাত’সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কার্টুনচিত্রে তাঁর বুদ্ধিদীপ্ত রসবোধ ও তীক্ষ সমাজ সচেতনতা ফুঠে উঠেছিল। ১৯৫২-র ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এই শিল্পী প্রথম প্রতিবাদী কার্টুন এঁকেছিলেন। ‘হরফ-খেদাও’ শিরোনামে ‘সৈনিক’ পত্রিকায় প্রকাশিত এই কার্টুন সেই সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তত দিনে অবশ্য শিল্পী কাজী আবুল কাসেম কলকাতা থেকে সপরিবারে ঢাকায় স্থায়ীভাবে চলে এসেছিলেন। পরপর দুবার কলকাতা আর্ট কলেজে ভর্তির সুযোগ পেয়েও সেখানে পড়তে পারেননি কাজী আবুল কাসেম; প্রথমবার বয়স-স্বল্পতার কারণে আর দ্বিতীয়বার অর্থের অভাবে। সে সময়ে ১৮ বছরের নিচে কোনো ছাত্রকেই কলকাতা আর্ট কলেজে ভর্তি করা হতো না। এটা ১৯২৬ সালের কথা।
পরবর্তী সময়ে এক শুভাকাঙ্ক্ষীর সহায়তায় তিনি ‘এন মিত্র অ্যান্ড কোম্পানী’ নামের একটি কমার্শিয়াল আর্ট স্টুডিওতে চাকরি পান। কঠোর পরিশ্রম ও আপন যোগ্যতার প্রকাশ রেখে কয়েক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানেরই প্রধান চিত্রকর্মী হয়ে ওঠেন কাজী আবুল কাসেম। ১৯৩০-৪০ এই সময়ে কলকাতার সেরা পত্রিকা ও সাময়িকীতে শিল্পী কাজী আবুল কাসেমের আঁকা অনেক সুকুমার চিত্র ছাপা হতে থাকে। শিল্পী কাজী আবুল কাসেমের শিল্পকর্মকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে: সুকুমার চিত্র, ব্যঙ্গচিত্র ও ব্যবহারিক চিত্র। সেই সময় কলকাতার ভারতবর্ষ, বসুমতী, বঙ্গলক্ষ্মী, মোহাম্মাদী, হানাফি ও সওগাত পত্রিকায় প্রথম একজন মুসলিম চিত্রকরের আবির্ভাব সকলে বিষ্ময়ের সাথে প্রত্যক্ষ করেছিলেন। ওই সময়ে প্রায় অকল্পনীয় ঘটনা ছিল সেটি। অসিত হালদার, ফণীন্দ্রভূষণ গুপ্ত, দেবীপ্রসাদরায় চৌধুরী, সতীশসিংহ—প্রমুখ খ্যাতিমান হিন্দু চিত্রকরদের মাঝে কাজী আবুল কাসেম বাঙালি মুসলমানদের চিত্রকলার জগতে প্রথম স্থানটি করে নিয়েছিলেন সেই সময়ে। এই ক্ষেত্রে মোহাম্মদ নাসিরউদ্দিন ও তাঁর ‘সওগাত’ পত্রিকা বিশেষ ভূমিকা রেখেছিল।
চিত্রকর ছাড়াও কাজী আবুল কাসেম ছোট সোনামণিদের বই পুস্তকের সজ্জাকর হিসেবেও খ্যাতিমান হয়ে ওঠেন। সেকালের রম্য ও পাঠ্যপুস্তকের প্রচ্ছদ এবং অভ্যন্তরীণ চিত্রের ক্ষেত্রেও তিনি ছিলেন অদ্বিতীয়। কবি গোলাম মোস্তফার ‘আলোকমালা’ বইটির প্রচ্ছদ আজও তাঁর অসাধারণ কর্মনৈপুণ্যের পরিচয় বহন করে। বহু গ্রন্থসজ্জার কাজ তিনি করেছেন, পত্রিকার বিশেষ সংখ্যার প্রচ্ছদ বা শীর্ষচিত্রও (হেডপিস) করেছেন; এমনকি কমিক স্ট্রিপও এঁকেছেন তিনি। ছোটদের বইয়ের অলংকরণে ছিল তাঁর অত্যন্ত সৃজনশীল দৃষ্টিভঙ্গি। ‘কাজলা পুশি’, ‘পুথির মালা’, ‘সবুজ ছড়া’, ‘ব্যাঙ ওস্তাদের জলসায়’—প্রভৃতি বই সমূহে তাঁর কর্মকুশলতার উজ্জ্বল পরিচয় পাওয়া যায়।
২০০৪ সালের ১৯ জুলাই ৯২ বছর বয়সে কাজী আবুল কাসেম মৃত্যুবরণ করেন। নিজের সৃষ্টিকর্মের জন্য অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন তিনি। জন্ম শতবর্ষে কাজী আবুল কাসেমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।