মেঘ
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৭:৪৫
অনুবাদ :সোহরাব সুমন
দেখেছ, ওটা কী সুন্দর—আমি ওকে বললাম। এ কথা শুনে ও মাথা তুলে তাকাবার আগেই আমি বলে চলি, ‘বলতে চাইছি, মেঘে ওপর ওই আলোর খেলার কথা।’
সে ওটার দিকে কিছু সময়ের জন্য তাকিয়ে থাকে। তারপর বলে, ‘তোমাকে আমার ভীষণ হিংসা হচ্ছে!’
ওর মুখ থেকে আরও কিছু শোনার অপেক্ষায় রইলাম।
‘কেননা আমার আগেই তুমি ওটা দেখে নিয়েছ,’ ও বলল।
‘কেউই তো আসলে মেঘের মালিক নয়,’ এর জবাবে আমি বলি।
‘কথাটা আসলে সত্য নয়। কোন সুন্দর কিছুর মালিক আসলে সে-ই, যে সেটা প্রথমে দেখে।’
সে এবার বিছানা ছেড়ে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় এবং মেঘের দিকে তাকিয়ে থাকে। কিন্তু মেয়েটা তা একেবারেই খেয়াল করেনি। এবার সে ছেলেটার মুখপানে তাকায় কিন্তু কিছুই বলে না।
খানিক বাদে চাঁদ ওঠে। আমি আশা করছিলাম ওদের একজন অন্তত কিছু একটা বলবে। আমার মনে পড়ে, একবার সে আমাকে বলেছিল, কেমন করে সে শহরের পশ্চিম দিগন্তে চাঁদ ডুবে যাবার আগ পর্যন্ত জোছনার আলোয় আর সব শিশুদের সঙ্গে খেলা করেছে। একরাতে তারা খেলতে খেলতে উঁচু একটা দেয়ালের কাছাকাছি এসে পড়ে, তারপর তার পাশেই কিছু সময়ের জন্য খেলতে থাকে। চাঁদটা তখন পশ্চিমে ডুবতে শুরু করেছে, দেয়ালটার জন্য একসময় চাঁদটাকে আর দেখা যাচ্ছিল না। সে নিজে এবং অন্যসব শিশুরা চাঁদটাকে তাদের দেখা দরকার মনে করায় তারা তখন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারপর বলতে গেলে সেদিন সে তাদের কারও দেখা পায়নি ।
এ রকম একটা দেয়াল এই চাঁদটাকে পুরোপুরি ঢেকে দিতে পারে, এ কথা সে আগে কখনোই বিশ্বাস করেনি। তারপর একসময় ঘড়ি ধরে কাঁঁটায় কাঁটায় চাঁদটা যখন দেয়ালের ওপাশে লুটিয়ে পড়ে, জগতটাকে তখন খুবই বিস্ময়কর আর দ্ব্যর্থক বলে মনে হতে থাকে। আর তাই সে আবারও ঘরে ফিরে যায় এবং চুপচাপ বসে থাকে... চাঁদটা তখনও তার আপন পথে গমন করছে, কিন্তু তারা কেউ সেটা বুঝতে পরেনি। মেয়েটা ছেলেটার কাঁধে হাত দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে।
‘এখন, এই সময় ও কিন্তু আমার সঙ্গেই আছে,’ মাত্র কয়েক দিন আগে জলপাই পাহাড়ের সরু ঢালপথ বেয়ে নেমে আসার সময় ছেলেটা আমাকে এ কথা বলেছিল। ‘শুধু ওর জন্যই আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি।’ কথাটা শুনে আমি খানিক হাসি। ‘যেমন শহরের টানে মানুষ ঘর ছাড়ে,’ সে বলেতেই থাকে, ‘জানো! ওর বসবাস যে ঠিক আমার ভেতরটায়।’
হাঁটতে হাঁটতে ছোট একটা পুরোনে গির্জার ভেতরে ঢুকলাম আমরা। তখনো সে কথা বলছিল, একদম ফিসফিস করে কিছু একটা বলছিল। কারণ, সেখানকার চারদেয়াল থেকে ভেসে আসা প্রতিধ্বনি তাকে ভয়ে বিহ্বল করে দিচ্ছিল, ‘দেখো দেখো, এই এখান থেকে শহরটাকে কতই না অন্যরকম মনে হয়!’
বেগুনি কাচের ছোট একটা জানালার পাশে তখন আমরা দাঁড়িয়ে ছিলাম।
‘গির্জাগুলোতে কেন ওরা সব সময় বেগুনি কাচ ব্যবহার করে, বলতে পারো?’ মেয়েটা জিজ্ঞেস করে। কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দেয় না।
কিছুক্ষণ বাদে আমি মন্তব্য করি, ‘আমি খেয়াল করে দেখেছি, তোমার আঁকা কোনো ছবির মাঝেই বলতে গেলে কোনো বেগুনি রং নেই।’
‘আমি নিজের জন্যে দুঃখের রং বেছে নিই,’ জবাবে সে বলে। সামান্য থেমে আবারও তার সঙ্গে যোগ করে, ‘এখনো পর্যন্ত আমি কিন্তু আমার সেরা ছবিটি আঁকিনি।’
গির্জা ছেড়ে একসময় আমরা বাইরে বেরিয়ে আসি, বাড়ির পথ ধরে তখনো পাহাড় বেয়ে নিচের দিকে নামছি, সেই পাহাড়ের ঢালেই আরেকটা গির্জার পাশ দিয়ে যাবার সময় ভেতর থেকে কেউ একজন তাকে অভিবাদন জানায়। সে গেটের কাছাকাছি এগিয়ে যায়, সেখানের বুনো গাছ থেকে একটা ফুল তোলে, তারপর মেয়টার হাতে দেয়। পাশাপাশি হাঁটতে হাঁটতে একসময় সে ওর খুব কাছাকাছি চলে আসে, শক্ত করে ওর হাত ধরে, তখন তার মুঠোর ফুলটাও তার মুঠোয় চলে আসে। আমিও তখন ওদের সঙ্গেই হাঁটছিলাম।
দেয়ালের কাছাকাছি এসে সে আমাকে জিজ্ঞেস করে, ‘তোমার কি জানা আছে ঠিক কবে এই দেয়ালটা তোলা হয়েছিল?’
আমি মাথা ঝাঁকাই।
‘জানো তখন এই শহরটা খুবই ছোট ছিল?’ আবারও একটা প্রশ্ন ছুড়ে দেয় সে। পাখির ছানার মতো মেয়েটা তাকে আঁকড়ে ধরে থাকে। আমি ওদের দুজনার দিকে শুধুই চেয়ে চেয়ে দেখি। ‘ঠিক মায়ের মতন ঘ্রাণ, একেবারে আলাদা ধরনের,’ ছেলেটা বলে, ‘এই শহর আর মায়ের গায়ের ঘ্রাণ ঠিক একই রকম।’
আমরা তখনও হাঁটছি।
পরদিন ওদের রেখে আমি একাই চলে আসি।
দুজনে ওরা একই সঙ্গে ফিরে আসে। ঢুকবার সময় আমরা পরস্পর কারও প্রতি কেউ অভিবাদন বিনিময় করিনি, এরপর আর খুব একটা কথাও হয়নি আমাদের। সেই থেকে পরের দিনগুলোতে আমি আর ওদের কোনো প্রশ্নই করিনি। ওদের সেই নিজস্ব জগতটা এতটাই ভঙ্গুর আর ঠুনকো ছিল যে, সেটা আর কিছুতেই একটাও প্রশ্নের বোঝা বইতে পারত না...
তারপর, সকালবেলা আমার মনে পড়ে, আজকে ওদের প্রথম দেখার এক বছর পূর্ণ হলো। দিনটা ঘটা করে উদ্যাপন করার কথা ছিল ওদের, কিন্তু আজ দেখছি ওদের কেউই সে ব্যাপারে একটুও সাড়া-শব্দ করছে না। একটা সুরাহি এনে, ওদের একেবারে মাঝখানটাতে রেখে আমি চলে আসি, পাশের ঘরে আমার কিছু কাজ আছে এই অজুহাত দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। এতে মনের গভীরে যথেষ্ট শান্তিও অনুভব করি। আমার ধমনিতে তখন এমন করে রক্ত বইছে, যেন সেই রক্তপ্রবাহ আর আমার নিজের নয়, কেননা আমার কেবলই মনে হচ্ছিল, এরই কোনো ছিদ্রের মাঝ দিয়ে ওদের সেই হারানো জগতটা আবারও হয়তো ফিরে আসবে। ভেতরে ভেতরে এতে নিজেকে আমি খুব সুখী অনুভব করতে থাকি।
তবে এসবের কিছুই আর বলিনি ওদের। এসব নিয়ে ওদেরও কিছু বলতে শুনিনি। তারপর একসময় সেখানে, আর সব নীরবতা ভেঙে খান খান করে দিয়ে কেবল কাচ ভাঙার শব্দ হয়।
আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। বেরিয়ে আসার পথে দূরের কোনায় ঠেস দিয়ে মেয়েটা বসে ছিল, চেহারায় রাগি একটা ভাব, কিন্তু খুবই মনমরা। আর অন্যজন সম্মোহিতের মতন তার নিজের জায়গাতেই বসে রইল, যেন পৃথিবীর দুই মেরু হতে দু-দিক দিয়ে রশির সাহায্যে শক্ত করে সেখানটায় তাকে বেঁধে রাখা হয়েছে... বাকিটা বলতে আমার ভয় হচ্ছে।
সুরাহিটা ভেঙে চুরমার হয়ে সারা মেঝেতে বিছিয়ে পড়ে থাকে। বলতে গেলে ওদের দুজনের মাঝের জায়গার অর্ধেকটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল সেই টুকরোগুলো। আমি দীর্ঘ সময় সেদিকে তাকিয়ে ছিলাম। আসলে ওদের কেউই সেটা ভাঙতে চায়নি। ভাঙা টুকরোগুলো এমনভাবে বিছিয়ে ছিল, যেন সেটা নিজের ইচ্ছেতেই মেঝেতে ভেঙে খানখান হয়ে পড়ে আছে। আমি ছেলেটার দিকে তাকাই। সে তখন কোনা কিছু বলার ইচ্ছে প্রকাশ করেনি। যখনই আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকাই, সে তখন নিস্পৃহের মতো মাথা ঝাঁকায় এবং বলে, ‘কিন্তু আমরা তো এখন আম্মানে! জেরুজালেমে নয়!’
আমি বুঝতে পারি, হায়, খোদা! আমার ভয় হচ্ছিল সেই মুহূর্তে হয়তো আবারও তারা তেমন চরম আর বিক্ষত হয়ে উঠবে, যাতে আমি বুঝতে পারি ঠিক কোন গর্হিত তলে ভাঙা সেই সুরাহিটা এখন গড়াগড়ি খাচ্ছে।
কিছুই আর বলতে পারিনি আমি। মুখ বুজে শুধু নিঃশব্দে চলে আসি।
[শেরিফ এলমুসা এবং টমাস জি. এজ্জি-এর ইংরেজি অনুবাদ থেকে]
লেখক পরিচিতি :
আম্মানে জন্মগ্রহণ করা জর্ডানের নাট্যকার এবং ছোটগল্পকার জামাল আবু হামদান বৈরুতে অবস্থিত আরব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। এবং রয়েল জর্ডান এয়ার লাইনস এ চাকরি নেন। এর আগে অনেক বছর সাংবাদিকতা করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তিনি জর্ডানের দুটি প্রথম সারির পত্রিকা, ‘আল-রাই’ ও ‘আল-দুস্টুর’-এ কাজ করেছেন। খুব বেশি না লিখলেও সত্তরের দশকে তাঁর গল্পসংগ্রহ ‘মেনি সরোজ’ এবং ‘গাজিলিস’ প্রকাশের পরপরই সাহিত্যসমাজে বড় ধরনের আলোড়ন ফেলতে সক্ষম হন। এই দুটি গল্পসংগ্রহের প্রতিকায়িত গল্পগুলোতে ফিলিস্তিন ও আরবের সামাজিক ও রাজনৈতিক চিত্র অতি নিবিড়ভাবে ফুটে উঠেছে। তিনি চমত্কার কিছু নাটকও লিখেছেন। এর মাঝে ‘এ বক্স অব বিস্কিট ফর মেনি এনটইনিটি’ (১৯৬৮) এবং একাঙ্ক ‘দ্য নাইট অব বারিয়াল অব অ্যাকট্রেস জেন’ (১৯৯২) এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি জর্ডানের রাজধানী আম্মানে বসবাস করছেন।