স্বপ্ন-মুদ্রিত অভিধান
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৭:৪৬
আজমীর হোসেনের একক চিত্রপ্রদর্শনী
মাতৃভূমি ছেড়ে বিদেশ-বিভূঁইয়ে দিনযাপনে একঘেয়ে লাগে। স্মৃতি এসে হানা দেয়। রং ও ফর্মের মতো বিভক্তি তৈরি হয়ে স্বপ্নে। আজমীরের ৫৯টি কাজের প্রদর্শনীতে আমরা স্মৃতি-বিস্মৃতির সাথে ফর্ম আর রঙের স্তরবিন্যাসের ছন্দ খুঁজে পাই। তিনটি মাধ্যমে আজমীর হোসেন কাজ করেছেন। জল রং, কোলাজ ও কলোগ্রাফ। ছাপচিত্র মাধ্যমের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের ছাপ তাঁর কাজে স্পষ্ট। ঢাকা বিশ্বাবদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যয়নরত অবস্থায় তিনি কানাডা ও পরবর্তী সময়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। রঙের নিরীক্ষায় তিনি নিয়মিত ছিলেন। সূক্ষ্ম রেখা ও আকৃতির বিন্যাস দেখে কাজের প্রতি মনোযোগিতা বোঝা যায়। বিষয় হিসেবে নির্বস্তুক জ্যামিতি উপস্থাপন আজমীর সচেতনভাবেই করে থাকেন। পছন্দের নির্দিষ্ট কয়েকটি রংকে তিনি বেছে নিয়ে গাঢ় থেকে হালকা স্তরে বিন্যস্ত করেন। স্তরবিন্যাস এমনই প্রক্রিয়ায় সম্পন্ন করেন, যাতে আড়াআড়ি রেখার সীমা ছাড়িয়ে না যায়। চিত্রকর্মে কয়েক ভাগে ভাগ করে তার মাঝে সাদা রেখা দিয়ে বিভক্তি টানেন। এটি আজমীর হোসেনের বেশকিছু কাজে দেখা যায়। মহাশূন্যের গ্রহ-নক্ষত্রের আলো-ছায়ার রূপকে কখনো কখনো তাঁর কাজে খুঁজে পাওয়া যায়।
‘থ্রো দ্য মাইন্ড স্কেপ’ বা মনোভূমির ভেতর থেকে মাইন্ডস্কেপ বা মনোভূমি শিরোনামে সবকটি ছবির নাম রাখা হয়েছে। শিল্পীর মনোজাগতিক রূপ স্পষ্ট করেছেন নীল, বেগুনি, হালকা হলুদ, ধূসর রঙে। গাঢ় থেকে হালকা—এভাবে স্তরবিন্যাসের মাধ্যমে চিত্রতল নির্মাণ করেছেন। চিত্রতলে যুক্ত করেছেন কাঠের পাটাতনের পাতলা আস্তর। কোলাজধর্মী এসব কাজে বিন্দু বিন্দু রং আর সূক্ষ্ম রেখায় তৈরি করেন অভিব্যক্তি। বিমূর্ত অভিব্যক্তিবাদী আচরণে গড়া ক্যানভাসে রূপ নির্মাণকেই প্রধান করে দেখেন শিল্পী। মাইন্ডস্কেপ-৩০ ছবিটি জলরং ও মিশ্র মাধ্যমে গড়া। গাঢ় ধূসর রঙের উপরিভাগ শেষ হয়ে যায় চিত্রতলের মাঝামাঝি এসে। নিচের অংশে যুক্ত করা আড়াআড়ি কাঠের আস্তর যুক্ত করে গতানুগতিকতাকে ভেঙে দিয়েছেন। মাইন্ডস্কেপ-৫ ছবিতে আকাশ, মেঘ, বৃষ্টি—এই তিনের সম্পর্ক তৈরি করেছেন। ধূসর রঙের নিম্নগামী বিন্দু আর ছবির নিম্নভাগে মেটে হলুদ রঙের কলোগ্রাফ মাধ্যমে ছাপচিত্র এঁকেছেন—‘থ্রো দ্য মাইন্ডস আই’ শিরোনামে। বার্ন্ট সিয়েনা রঙের ব্যবহারে বার্ন্ট ও জ্যামিতি যুক্ত করে কাগজে তৈরি করেছেন। ছবির মূল প্লেটে বিভিন্ন কাটা কাগজ ও কাঠের টুকরো যুক্ত করে শিল্পীর মনোজগতে চলতে থাকা রং-রেখার দ্বন্দ্বের কথা স্পষ্ট করেছেন। পরিশীলিত রূপ সৃজনের পাশাপাশি কাগজে যুক্ত হওয়া বাদামি রঙের কাগজে কাঠের টুকরো কিছু শব্দকণা তৈরি করে।
টুকরো টুকরো স্মৃতি এসে ভর করে শিল্পীর মননে। মনের চোখ দিয়ে দেখা এসব স্মৃতি চিত্রতলে হাজির করেন উজ্জ্বল ও শীতল রঙের ব্যবহারে। দীর্ঘ ১৩ বছরের প্রবাসজীবনের দিনযাপনকেও শিল্পী তাঁর কাজে তুলে এনেছেন। মানসিক অস্থিরতাকে রূপ দেন স্থির হয়ে। শিল্প সাধারণের হয়ে ওঠার জন্যে যে স্থূল কল্পলোক প্রয়োগ বাঞ্ছনীয় আজমীর হোসেন তাঁর কাজে তা হাজির করেন না। বোধের অভ্যন্তরে থাকা যাপন প্রণালি, ক্লান্তি, আনন্দ আর প্রকৃতির রূপ বদলের মুগ্ধতাকে পুঁজি করেন শিল্পী। দর্শক আর শিল্পবোদ্ধাদের দৃষ্টিতে অভিব্যক্তি প্রকাশ পায়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন শিল্পী। একাগ্র মনোজগত তৈরি করে আমাদের সামনে হাজির করবেন অন্য এক মনোভূমি। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে গত ৩ মে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আগামী ২০ মে।
আজমীর হোসেন: জন্ম ১৯৭৬ সালে ঢাকায়। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে অধ্যয়নরত অবস্থায় প্রথমে মন্ট্রিল এবং ১৯৯৯ সালে নিউইয়র্ক গমন করেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউইয়র্ক আর্ট স্টুডেন্টস লিগে অধ্যয়ন করেন। তিনি নিউইয়র্কের চেলসি আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত ‘সাইলেন্ট শো’ ৪৪০ গ্যালারিতে ‘ব্রুবলিন শো’ ওয়াল্ড ফাইন আর্ট গ্যালারি প্রদর্শনী, ডব্লিউ এসএসি গ্যালারির ‘স্যালোন’ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।