তাহিতির মেঘ হিস্পানি রুমাল

যেন এক ইন্দ্রিয়-আচ্ছন্নতার গহিন বলয়—যার ভেতর মায়াবিভ্রমের কুহক রুমাল হাতে ঘুরে ফিরছেন এক কবি, যিনি আপাদমস্তক সৌন্দর্যমোহগ্রস্ত! ফলে তাঁর কবিতা থেকে লহমায় আছড়ে পড়ে অভিনব শব্দ-অভিধা (Poetic Diction), যা তাঁর স্বনির্মিত এক কুহকসাম্রাজ্য! আর এই সাম্রাজ্য থেকে একে একে উপচে পড়ে মদালস ঘোরলাগা সম্মোহনজাগানিয়া কিছু কবিতার বই; কবিতানুরাগী পাঠকের হাতে ঘুরে ফিরতে থাকে ‘দূরের কার্নিশ’, ‘তিন পাপড়ির ফুল’, ‘আমি সেই ইলেক্ট্রা’, ‘সতত ডানার মানুষ’, ‘সুপ্রভাত হে বারান্দা’, ‘কাফকার জামা’, ‘সুলতা আমার এলসা’—এ রকম আরও কিছু রূপভারাতুর কাব্য। আর এই বইগুলোর পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যেতে যেতে আমরা খুঁজে পাই ষাটের দশকের বাংলা কবিতার শুদ্ধতম, ভ্রামণিক, ইন্দ্রিয়পরায়ণ, যৌনগন্ধি, আন্তর্জাতিকতামনস্ক কবি সিকদার আমিনুল হককে। এই ইন্দ্রিয়-আচ্ছন্নতা; বলা যায় সিকদার আমিনুল হকের কবিতার এক প্রধান অনুষঙ্গ—গভীর ইন্দ্রিয়পরায়ণতায় বুঁদ হয়ে তিনি কবিতায় একে একে টেনে এনেছেন বালিকার বগলের ঘাম, গোল স্তন, আঁটোসাঁটো অন্তর্বাস, তাহিতির রমণীর ঘ্রাণ, আফ্রিকার যুবতীর ওষ্ঠ, নার্সের বাহু-জঙ্ঘা-জানু, গণিকার প্রণয়সঙ্গীত—আর এ রকম যৌনভারাতুর টুকরো টুকরো ক্যামোফ্লেজের ভেতর তিনি অবিরাম চাপ প্রয়োগ করেন পাঠকের মগ্নচৈতন্যে! আবার এই যৌনগন্ধি মত্ততার পাশে কবি নিসর্গের বিস্তীর্ণ বিস্তার ঘটান কখনো বা ফসফরাসের ওপর ঝিলমিল করা রৌদ্রের চিত্কারে, কখনো অরেঞ্জ স্কোয়াশের মতো ফেনিল টাটকা ভোরে, আবার কখনো কবি রেস্তোরাঁয় বসে কাচের ভেতর দেখে যেতে থাকেন অনর্গল বৃষ্টিপাত; ‘অবাধ্য ছেলের মতো কষ্ট দ্যায় আকাশের বৃষ্টি!/ কাল ছিলো সারারাত্রি, আজ তাই সরীসৃপ নেই;/ সব কিছু মরে গ্যাছে, —ক্ষুধা, ইচ্ছা, বাচ্চাদের ঘুম;/ কেবল রেস্তোরাঁ খোলা, আড্ডা নেই, তাই অন্ধকূপ। (বৃষ্টির সাতদিন/ সুপ্রভাত হে বারান্দা) ২. তবে সিকদার আমিনুল হককে শুধু পরিচ্ছন্ন ও নিপাট কামুকরূপেই নয়, আপাদমস্তক এক প্রেমিকপুরুষ হিসেবেও পাওয়া যায়—যে প্রেমিক সেলুনের সাদা ফেনা গালের অবয়ব দেখতে দেখতে জপে যায় তার প্রেমিকাকে, অফিসের দায় সেরে রিকশায় বাড়ি ফিরতে ফিরতে, সচিবালয়ের গেটে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে দিতে, স্নানঘরের গড়িয়ে পড়া ধারাজলে ভিজতে ভিজতে জপে যেতে থাকে তার প্রেমিকাকে—আর প্রেমিকাকে চাওয়ার তীব্রতম স্বরূপটি ধরা পড়ে এভাবে, ‘চাই, আমি বলি চাই; যেভাবে বৃদ্ধেরা ফিরে চায়/ রতির ক্ষমতা, আর জাহাজের খালাসি, মাটির/ সিকি চিহ্ন নীলিমার সরু পাড়ে, সেই মতো চাই।’ (এক প্রেমিকের স্বপ্ন/ পারাবত এই প্রাচীরের শেষ কবিতা) ৩. আন্তর্জাতিকমনস্কতা কবি সিকদার আমিনুল হকের কবিতাকে করে তুলেছে ষাটের দশকের অন্যান্য কবিদের চেয়ে বিশিষ্ট; অনেক কবিতার ভিড়ে সহজেই আলাদা করা যায় তাঁর এই পাশ্চাত্য অনুষঙ্গে ঠাসা ফ্যাশনধর্মী অভিজাত কণ্ঠস্বরকে। গ্লোবালাইজেশনের ধারণাটি তাঁর সময় প্রতিষ্ঠিত না হলেও সিকদার আমিনুল হক তখনই বুঝে গিয়েছিলেন, কবিকে পরিব্রাজক হয়ে ঘুরতে হবে পৃথিবীর পথে পথে—বিচিত্র ও বর্ণিল সব ভূ-খণ্ডের রসাস্বাদন করে তার নির্যাস ছড়িয়ে দিতে হবে কবিতার পঙিক্ততে পঙিক্ততে। ফলে সিকদার আমিনুল হকের কবিতায় বারবার উঠে আসে রাজস্থানি উট, হিস্পানি রুমাল, টালিগঞ্জের ট্রাম, তাহিতির মেঘ, গ্রিসের বসন্ত, ম্যানহাটনের ঝলমলে রাস্তা এবং এ রকম আরও অনেক ভ্রামণিক অনুষঙ্গ; ‘শিকারে যেতাম ভোরে! ফিরতাম প্রিয় রাত্রিবেলা/ বরফ পতিত জ্যোত্স্না, সেই সাথে এস্কিমো টুপিও/ আসতে পারতো কবিতায়। নেকড়ের চামড়ার/ গরম কোটের ছবি, শ্লেজ গাড়ি থাকতো শুরুতে।/ অভিজ্ঞতাই শেষ কথা। বরফের গল্প, মরুভূমি,/ আফ্রিকা, সুমাত্রা দ্বীপ... অতঃপর মৃত্যু থাকে নাকি?’ (ভ্রমণ/ কাফকার জামা) ৪. আর সিকদার আমিনুল হকের এই শুদ্ধতম ভ্রমণ অনেকটা নির্মোহ সন্তের মতো; এই ভ্রামণিক কাব্যপ্রতিবেশ (Poetic Milieau) বাংলা কবিতায় অভিনবতম, যার ভেতর থেকে ঠিকরে পড়ে চিত্রকল্পের জ্যোতির্ময় আলোকছটা। কবি ডিলান টমাসের মতে চিত্রকল্পে একীভূত হওয়া দরকার তিনটি গুণের:অভিনবত্ব, তীব্রতা ও আবেগ-স্বপ্ন-কল্পনার উদ্রেকশক্তি, যার পরিপূর্ণ সমন্বয় দেখতে পাওয়া যায় সিকদার আমিনুল হকের কবিতায়; ‘রাত্রি মানে বিড়ালের মতো চাঁদ, অতিশয় শাদা/ জ্যোত্স্না নিশ্চয় চায় একপাশে কোলেস্টেরল ছাড়া/ স্যালাদের নির্জনতা।’ (আরোগ্যের পরে প্রাতঃরাশ/ সুপ্রভাত হে বারান্দা) ৫. এভাবে সিকদার আমিনুল হক কবিতায় সম্ভোগ করে গেছেন তাঁর পারিপার্শ্বিক অনুষঙ্গকে—পানশালার শেষ পাত্র, অচেনা ব্রাউন রঙের ঘোড়া, সমুদ্রসৈকত থেকে সংগৃহীত বাচ্চা, হাঙরের দাঁত—সব কিছুই তিনি সম্ভোগ করেন, বস্তুপৃথিবীর মালিন্য আর ক্ষয়ের শেষ রেখাও তিনি সম্ভোগ করে তার নির্যাস ছড়িয়ে দিয়েছেন কবিতায়, সেই সাথে ছড়িয়ে দিয়েছেন নক্ষত্র আর গ্রীষ্মের স্মৃতিগ্রস্ত সারাত্সার—‘...স্মৃতিও আলস্য বিক্রি করে। কটুগন্ধ নারী, তার হাত আমার ওপরে।/ ফেনিল যখন আমি, কবিতার মুখোমুখি, তার তিক্ত নিষ্ঠুর স্তন আমাকে স্পর্শ করে নির্ভুল/ অন্ধকারে। নক্ষত্র আর গ্রীষ্মের রাত্রি, বারান্দায় দাঁড়িয়ে দেখছি উত্থানের আকৃতি; হাওয়ায়/ হাওয়ায় দূরে পথিকের পথ চলা—তখনও তার তেল চিটচিটে বাদামি অন্তর্বাস আমাকে/ আছড়ে ফ্যালে নতুন আগুনে।’ (সতত ডানার মানুষ)