মামাবাড়ি ২০১৩

[কবি, আরিফুল হক কুমার প্রীতিভাজনেষু] আজকাল মামা বাড়িতে গেলে মাসিমা আমাকে ভালো চোখে না দেখিয়া আড়চোখে দেখিয়া থাকেন ব্যাপারটি আমার নিজের কাছে অশোভন মনে হইলেও আমি যে নিরুপায় মাসিমা তাহা কিছুতেই কেন যে বুঝিয়াও বুঝিতে চাহিতেছেন না তাহা আমি কিছুই বুঝিতে পারিতেছি না। একসময় মাসিমা আদর করিয় দুধ-ভাত খাইতে দিতেন আর সেই মাসিমা আজকাল আমাকে দেখিলেই দুধের হাঁড়ি লুকাইয়া রাখেন খাটের তলায়। বোধকরি, বাজারে দুধের দাম যেই হারে বাড়িয়া গিয়াছে সেই হারে বাড়ে নাই মাসিমার মাসিক বেতন হঠাত্ সেদিন দেখিলাম মাসিমার ছোট মেয়ে হাতে-পায়ে বড় হইয়া গিয়াছে সে আর আগের মতো কাছে আসিল না। তাহাকে আমার খুব ভালো লাগিল কি লাগিল না তাহা আমি বলিব না। মামা বাঁচিয়া থাকিলে সেই দিনও আমাকে দুধ-ভাত না খাওয়াইয়া ছাড়িতেন কি না তাহাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। এমনকি লাঠি লইয়া তাড়া না করিয়া হয়তো কাছে ডাকিয়া আমাকে বলিতেন মেয়েটিকে দেখিয়া রাখিয়ো। মামার কথা রাখিতে গিয়া আজ আমার এই বিপদ আমাদের মিরপুর থানার দারোগা আপা, শুধুমাত্র ইচ্ছা করিলেই থানার খাতায় আমাকে নারী অপহরণকারী, সন্ত্রাসী না লিখিয়া উদ্ধার করিতে পারেন। যদি দারোগা আপার মেয়ে তাহার মা-জননীকে বুঝাইয়া সুঝাইয়া ভালো করিয়া বলিয়া দেন আফজাল ভালো ছেলে সে অভিনয় ছাড়া আর কিছুই শেখে নাই। তাহা হইলে এ যাত্রায় রক্ষা পাইয়া জেসমিনের নিকট যাইতে পারি।