যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রধানের পদত্যাগ
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৪৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন সেদেশের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। বিভাগের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন তিনি রক্ষণশীল দলগুলোর নেতাদের অবৈধভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন। অভিযোগ ওঠার পর তাকে সরিয়ে দেয়ার ব্যাপারে চাপ বাড়ছিল।
অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের কয়েকজন শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন কর অব্যাহতির সুযোগ চেয়ে যারা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে রক্ষণশীল নেতাদের আবেদনগুলো আলাদা করা হয়েছিল। এ ব্যাপারে ওবামা বলেন, রাজস্ব বিভাগের তদন্ত রিপোর্ট আমি দেখেছি। অপরাধটি অমার্জনীয়। আমেরিকানরা যথার্থই রাগান্বিত হয়েছে। আমি নিজেও এ ব্যাপারে রাগান্বিত। আমি কোনভাবেই এ ধরনের অনিয়ম বরদাস্ত করব না। কে কোন দল থেকে এসেছে এটা ব্যাপার না, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগকে সম্পূর্ণ সততার সাথে কাজ করতে হবে।
ওবামা বলেন, মহাপরিদর্শকের সুপারিশ যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সে ব্যাপারে মন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে যাতে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। এ ব্যাপারে আমেরিকান সিভিল লিবারেটিস ই্্উনিয়নের বেন উইজনার বলেন, যুক্তরাষ্ট্রের সরকার যথার্থই ব্যবস্থা নিয়েছে। দলীয় বিবেচনায় রাজস্ব বিভাগকে ব্যবহার করার মত ক্ষমতার অপব্যবহার আর হয় না। আমরা আগেও এ ধরনের ঘটনা দেখেছি এবং প্রতিবাদ জানিয়েছি। ওবামা প্রশাসনের প্রতিক্রিয়া যথাযথ হয়েছে।