মহাসেন
শ্রীলঙ্কায় বৃষ্টি-ভূমিধসে নিহত ৭
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৪৮
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে শ্রীলঙ্কার উত্তর এবং পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে। এদিকে, মিয়ানমারে ঘূর্ণিঝড় মহাসেন থেকে লাখো মানুষকে বাঁচানোর জন্য আশ্রয়শিবিরগুলো খালি করতে হিমশিম খাচ্ছে সরকার।
শ্রীলঙ্কায় মহাসেনের প্রভাবে সাত নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে ১০ জন। ঘর-বাড়ি ছাড়া হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। নিখোঁজ রয়েছে তিনজন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৯৪৭টি পরিবারের ৭,৩৯৯ মানুষ। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র লাল শরথ কুমারা শরথ জানান, ২৮০০ জনেরও বেশি গৃহহীন মানুষের জন্য চারটি ক্যাম্প খোলা হয়েছে। পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিধসের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, মিয়ানমারে ঘূর্ণিঝড় মহাসেন থেকে লাখো মানুষকে বাঁচানোর জন্য আশ্রয়শিবিরগুলো খালি করতে হিমশিম খাচ্ছে সরকার। এ শিবিরগুলোতে বসবাসকারী বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। বুধবার থেকে তাদেরকে সরিয়ে নেয়ার জোর চেষ্টা চালায় কর্তৃপক্ষ। জাতিগত দাঙ্গার কারণে বাসস্থানহারা রোহিঙ্গাদের ঠাঁই হয় এ সমস্ত আশ্রয়শিবিরে। তাদের অনেকেই শিবির ছাড়তে না চাওয়ায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। সিতয়ু শহরের উপকণ্ঠে মানজি জংশন সংলগ্ন সমুদ্র তীরবর্তী একটি আশ্রয় কেন্দ্রের কয়েকজন রোহিঙ্গা রয়টার্সকে বলেছে, আশ্রয় শিবির ছাড়ার চেয়ে বরং তাদের ঝড়ে মরে যাওয়া ভাল।