সংবাদ কণিকা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৪৯
অনাহারে মৃত্যুর অভিযোগ
ক্ষুধা মানুষের চরম শত্রু। আর সেই শত্রুর কাছেই ধরাশায়ী হয়েছে ভারতের উত্তর প্রদেশের প্রত্যন্ত বারাণসী এলাকার দুই ভাই-বোন। না খেতে পেরে তারা মারা গেছে বলে অভিযোগ উঠেছে। মাস দশেক আগে তাদের বাবা মারা যায়। এরপর থেকে তাদের পরিবারে অভাব-অনটন চরম আকার ধারণ করে । আয় করার মতো কেউ থাকে না। তাদের আরো তিন ভাই-বোন রয়েছে। তারাও এখন বেশ অসুস্থ। বুধবার এ ঘটনা জানাজানি হলে জেলা কমিশনার এমপি সিং বলেন, আমার কাছে তথ্য আছে তারা ডায়রিয়ায় মারা গেছে। কিন্তু প্রতিবেশী ও স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, তারা অনাহারেই মারা গেছে।—এনডিটিভি
ফের মানচিত্র বিভ্রাট
ফের মানচিত্র বিভ্রাট। কয়েক মাস আগেই চীনের মানচিত্রে অরুণাচলকে তিব্বতের অংশ বলে দাবি করা হয়েছিল। ভারত এর কড়া প্রতিবাদও জানিয়েছিল। কিন্তু নিজের দেশেই এবার ভিটেছাড়া ওই রাজ্য। মহারাষ্ট্রের দশম শ্রেণির ভূগোল বইয়ে ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশের অস্তিত্ব নেই। উল্টো অরুণাচল প্রদেশকেই চীনের অংশ বলে দেখানো হয়েছে। অন্তত ১৭ লাখ শিক্ষার্থীর কাছে এই বই চলে গেছে। তবে রাজ্যের তরফ থেকে কেউ কোনও মন্তব্য না করলেও সামনের বছর এটি ঠিক করে দেয়া হবে বলে একটি সূত্র জানায়।—আনন্দবাজার পত্রিকা
ভার্চুয়াল মুদ্রা আনল অ্যামাজন
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন গ্রাহকদের জন্য এনেছে ভার্চুয়াল মুদ্রা। ‘অ্যামাজন কয়েনস’ নামে এ মুদ্রাগুলো দিয়ে অনলাইনে কেনা যাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং গেইম। ইয়াহু নিউজ জানিয়েছে, অ্যামাজনের ‘কিন্ডল ফায়ার’ ব্যবহারকারীদের ইতিমধ্যেই ৫শ’ করে অ্যামাজন মুদ্রা দেয়া হয়েছে।—রয়টার্স
সর্বোচ্চ উচ্চতায় চীনা রকেট
চীন একটি বড় ধরনের রকেট উেক্ষপণ করেছে। রকেটটি ভূমি থেকে ১০ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। সোমবার চীনের পশ্চিমাঞ্চলীয় সিচ্যাঙ উপগ্রহ উেক্ষপণ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানিয়েছেন, হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্পদার্থ বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল। তিনি বলেন, ১৯৭৬ সালের পর এটিই কোনো চীনা রকেটের অতিক্রম করা সর্বোচ্চ উচ্চতা। পৃথিবীর চুম্বক মণ্ডলের ওপর গবেষণার জন্য রকেটটিতে বৈজ্ঞানিক গবেষণা উপকরণ পাঠানো হয়েছে। —রয়টার্স