চলনবিলের কাঠ মিস্ত্রিরা এখন নৌকা তৈরিতে ব্যস্ত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:০৮
চলনবিলের কাঠমিস্ত্রিপাড়া এখন নৌকা বানানোর শব্দে মুখরিত। দম ফেলার সময় নেই কারিগরদের। নদী ও বিলে পানি চলে এসেছে। নতুন পানিতে শুরু হয়েছে মাছ ধরা। তাই বিলের হাটগুলোতে চলছে নৌকা বেচাকেনার হিড়িক। বর্ষাকাল এলেই কেবল নৌকার কারিগরদের ব্যস্ততা বাড়ে। তারপর বছরের বাকি সময় সুনশান অবসর। বানের বেনোজল তাদের জীবনে এনে দেয় চঞ্চলতা।
দেশের বড় বিল হিসেবে আজো পরিচিত চলনবিল। তবে সেটা এখন শুধুই বইপত্রে। বাস্তবে বছরের অর্ধেকের বেশি সময় পানিশূন্য থাকে বিল। বিলের জনপদের এখন যোগাযোগ কাঠামোর উন্নতি হয়েছে। তবে বর্ষায় বিলের মানুষের প্রিয় বাহন এখনো নৌকা। হাটবাজার করা, আত্মীয় বাড়ি যাওয়া, স্কুলে যাওয়া, এবাড়ি ওবাড়ি যেতে এখনও নৌকাই ভরসা। আর মাছ ধরার জন্য ছোট ছোট ডিঙ্গি নৌকা মত্স্যজীবীদের লাগবেই।
তাই বিলপাড়ের জনপদগুলোতে নৌকা তৈরি ও বেচাকেনা চলছে পুরোদমে। রীতিমতো নৌকোর হাট বসে চলনবিলের চাটমোহরের মির্জাপুর, গুরুদাসপুর ও তাড়াশের নওগাঁয়। চাটমোহরের বোঁথড় মিস্ত্রিপাড়ার বাসিন্দা দশরথ সূত্রধর ও কৃষ্ণ সূত্রধর জানান, দাদার আমল থেকে দেখি এই নৌকা বানানো। বর্ষা এলেই ধামধুম শব্দ হয় মিস্ত্রি পাড়ায়।
মির্জাপুর মিস্ত্রিপাড়ার সুবল ও তারাপদ সূত্রধর বলেন, প্রত্যেক সপ্তাহে ১২/১৩টা নৌকা আমরা বিক্রি করি। ১০/১২ হাত একটা নৌকা বানাতে খরচা হয় ১০/১৫ হাজার টাকা। তারা আরো জানান, মালামাল পরিবহনের বড় নৌকা বানাতে লাখ টাকা খরচ হয়। তবে মিস্ত্রিরা জানান, কাঠ, লোহা (তারকাটা) ও অন্য জিনিসের দাম বেড়ে গেছে বেলে নৌকা তৈরির খরচ বেড়ে গেছে। লাভের অংক কমে গেছে আগের থেকে।