সোনামসজিদ পর্যটন মোটেল সংস্কার জরুরি

বাংলার পুরাতন রাজধানী গৌড়ের সোনামসজিদের পর্যটন মোটেলে ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত- শিবির ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা এই মোটেলের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী তৌহিদুর রহমানকে তিনতলা থেকে নিচে ফেলে দিলে তিনি মারা যান। বৈদ্যুতিক সংযোগ, স্যানিটারি ব্যবস্থা, আসবাবপত্রসহ গোটা ভবনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতির পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় মোটেলটির সংস্কার কাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলেই সংস্কার কাজ করা হবে। উল্লেখ থাকে, ৩ তলাবিশিষ্ট এই মোটেলে ১৮টি ভিআইপি রুম, ১২টি সাধারণ রুম, ১২টি ইকোনোমি রুম ও সাধারণের জন্য ডরমেটরি কক্ষ প্রভৃতি রয়েছে। এছাড়াও রয়েছে অফিস ও গাড়ি পার্কিং এরিয়া। প্রায় ১ একর জমির উপর নির্মিত এই অত্যাধুনিক পর্যটন মোটেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। ২০১০-২০১১ অর্থবছরে উত্তরাঞ্চলের সোনামসজিদে পর্যটন শিল্প বিকাশে বর্তমান সরকার প্রায় সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ করে। উল্লেখ্য, এই গৌড়ে রয়েছে ঐতিহাসিক তহ্খানা, কামেল পীর হজরত শাহ নেয়ামতুল্লাহর (র.) মাজার, ছোট সোনামসজিদ, শাহ সুজার প্রাসাদ, দারাসবাড়ির মসজিদ, কোতোয়াল দীঘি, টাকশাল দীঘি, দখলদরজা, চামাকাঠি মসজিদ, ধনাইচক মসজিদ, খঞ্জনদীঘির মসজিদসহ অসংখ্য পীর-আউলিয়ার মাজার। এছাড়াও রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং মেজর নাজমুল হকের কবর, গণকবর, বিশাল বালিয়া দীঘি। সোনামসজিদে রয়েছে দেশের অন্যতম স্থলবন্দর, কাস্টমস ইমিগ্রেশন অফিস। এই বন্দর দিয়ে বহুলোক পাসপোর্টে ভারত যাতায়াত করে। আমদানি-রফতানিকারকরা এই বন্দর দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করেন। ফলে অবিলম্বে মোটেলটির সংস্কার হওয়া জরুরি।