সৈয়দপুর রেল কারখানায় সচল হলো ৯৩টি ট্যাংকার
আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:০৯
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় আমদানি করা ৯৩টি ট্যাংক ওয়াগন চলাটল উপযোগী করা হয়েছে। গত প্রায় এক মাস ধরে ওই ট্যাংক ওয়াগনগুলো রেলওয়ে কারখানার ওয়াগন শপে সচল করা হয়। ইতোমধ্যে ১৩টি ট্যাংক ওয়াগন পাকশী রেলওয়ে বিভাগকে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় ঋণের টাকায় এয়ারব্রেক সম্পন্ন আধুনিক ওই ট্যাংক ওয়াগনগুলো ক্রয় করা হয়। এরপর পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে চলাচল উপযোগী ওই ট্যাংক ওয়াগনগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হচ্ছে। ইতোমধ্যে আমদানি করা ১৬৫টির মধ্যে ৯৩টি ট্যাংক ওয়াগন সৈয়দপুরে এসে পৌঁছে। প্রতিটি ট্যাংক ওয়াগনের ধারণ ক্ষমতা কেরোসিন ৫০ হাজার লিটার, পেট্টল ৫০ হাজার লিটার, ডিজেল ৪৮ হাজার ১৪৮ লিটার ও ফার্নেস ওয়েল ৪৩ হাজার ৯৬৪ লিটার। একটি ইঞ্জিনের মাধ্যমে ৩১টি ট্যাংক ওয়াগন টেনে নিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয়া যাবে। সে অনুয়ায়ী এসব দিয়ে ৬টি বহর তৈরি করা হচ্ছে। প্রতিটি র্যাকে একটি করে ব্রেকভ্যানওসংযোজন করা হবে। ফলে ৬টি ব্রেকভ্যানও আনা হয়েছে ভারত থেকে।
দেশের সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত জ্বালানি তেল যাতে কম খরচে কৃষকের কাছে পৌঁছানো হয় এজন্য ট্যাংক ওয়াগনগুলো আমদানি করা হয়েছে। রেলওয়ের কাছে এ ধরনের ২১৮টি ট্যাংক ওয়াগন রয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। এসব জ্বালানি পরিবহনে এর মধ্যে কার্যকর হয়েছে। এ নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী জানান, সেচ সঙ্কট মোকাবেলায় এসব ট্যাংক ওয়াগন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেলওয়ে কর্তৃপক্ষ অনেক কম খরচে জ্বালানি তেল কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেবে। তিনি জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ওই ট্যাংক ওয়াগনগুলো ডি প্রসেসিংয়ে স্থানীয় শ্রমিকরা দারুণ দক্ষতা দেখিয়েছে। আগামী জুনের মধ্যে বাকি ট্যাংকগুলো সচল করা হবে।