রসিকের সাড়ে আট কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় সরকারি ও বেসরকারি হোল্ডিং গ্রাহকদের কাছে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরে সোয়া ৮ কোটি টাকা বকেয়া থাকায় ব্যহত হচ্ছে কর্পোরেশনের উন্নয়ন ও সেবা প্রদান কাজ। এর মধ্যে সরকারি গ্রাহকদের কাছে প্রায় ১ কোটি টাকা এবং বেসরকারি গ্রাহকদের কাছে সোয়া ৭ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া কর আদায়ে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু নাগরিক সেবা নিশ্চিত এবং উন্নয়নের স্বার্থে অবিলম্বে এই বকেয়া কর পরিশোধের জন্য সরকারি ও বেসরকারি হোল্ডিং গ্রাহকদের কাছে আহ্বান জানিয়েছেন। জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনে বর্তমানে হোল্ডিং’র সংখ্যা ৩৪ হাজার ৬’শ ৯৮টি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি ৪’শ ৫৩টি এবং বেসরকারি ৩৪ হাজার ২’শ ৪৫টি। এর মধ্যে মাত্র ৮টি সরকারি প্রতিষ্ঠানের কাছে কর বকেয়া রয়েছে প্রায় ১ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের প্রধানের কাছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন স্বাক্ষরিত বকেয়া কর পরিশোধের জন্য একটি পত্র পাঠানো হয়েছে।